২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষমতাসীন দলের লোকজন থাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকে লুটপাট হচ্ছে’

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-সমর্থকদের নিয়োগ দেওয়ায় এসব ব্যাংকের অর্থ ‘লুটপাট’ হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2012, 02:49 PM

Updated : 24 Aug 2022, 12:04 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের পরিচালনা পর্ষদে ক্ষমতাসীন দল ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-সমর্থকদের নিয়োগ দেওয়ায় এসব ব্যাংকের অর্থ ‘লুটপাট’ হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ আর মহিলা লীগের লোকজনকে নিয়োগ দেওয়ার কারণেই লুটপাটের এসব ঘটনা ঘটছে। এর দায় অর্থমন্ত্রীর। দায়ভার স্বীকার করে অর্থমন্ত্রীর সরে যাওয়া উচিত বলেও তিনি মনে করেন। স¤প্রতি সোনালী ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থমন্ত্রণালয়ে সুপারিশ পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের সমালোচনা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এছাড়া অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিও রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোর কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে তাদের কর্মকাণ্ড খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। নয়া পল্টনে দলের মহানগর কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে সংগঠনের ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ‘অচলাবস্থার’ জন্য সরকারকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, সরকার দেশের সর্বনাশ করে ফেলেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছে। “বুয়েটের ভিসি প্রধানমন্ত্রীর গৃহশিক্ষক ছিলেন বলে তিনি যত অপকর্মই করুন না কেন ওই পদে তাকে রাখতেই হবে।’’ ওয়ান-ইলেভেনের পট পরিবর্তনের সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ওপর কথিত নির্যাতনের প্রসঙ্গ টেনে ভারপ্রাপ্ত মহাসচিব দাবি করেন, ওই ‘অবৈধ’ সরকার তারেক রহমানকে শুধু গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি। তারা তাকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করে পঙ্গু করে দেয়। “এরই ধারাবাহিকতায় বর্তমান সরকার তারেক রহমানের জনপ্রিয়তাকে ভয় পায় বলেই ২১ অগাস্টের গ্রেনেড হামলা মামলায় তাকে জড়ানো হয়েছে।” মির্জা ফখরুল এমনও অভিযোগ করেন, যে চক্রটি জিয়াউর রহমানকে হত্যা করেছিল। সেই চক্র তারেক রহমানকেও হত্যার অপচেষ্টা চালায়। সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সহসভাপতি সেলিমা রহমান, মহিলা দলের নেত্রী রাবেয়া সিরাজ, বিলকিস জাহান শিরিন, সুলতানা আহমেদ, ফরিদা ইয়াসমীন প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/এইচএ/২০৪১ ঘ.