২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘৭২-৭৫ সালেও আ. লীগ এভাবে লুট করেছিল’

হলমার্কের সোনালী ব্যাংক অর্থ কেলেঙ্কারির ঘটনায় সরকারকে অভিযুক্ত করে এ কথা বলেছেন প্রধান বিরোধী দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 02:05 PM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোনালী ব্যাংকে হলমার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনার জন্য বর্তমান সরকারকে অভিযুক্ত করেছে বিরোধী দল বিএনপি। মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে অর্থ লুটপাটের ঘটনা প্রকাশ পাচ্ছে। সোনালী ব্যাংক থেকে হলমার্ক সাড়ে তিনহাজার কোটি টাকা লুট করেছে। এভাবে ক্ষমতাসীনরা জনতা ব্যাংক, অগ্রনী ব্যাংকসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছে।” “১৯৭২-৭৫ সালেও আওয়ামী লীগ ব্যাংক থেকে এভাবেই অর্থ লুটপাট করেছিলো। ওই সময়ে মাওলানা ভাসানী আওয়ামী লীগকে নিখিল বাংলা লুটপাট সমিতি বলে আখ্যা দিয়েছিলেন।’’ এই অবস্থা থেকে উত্তরণে সরকার হটানোর আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি। ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে তারেক রহমানের ৪র্থ কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। ২০০৮ সালে ৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের জামিন নিয়ে লন্ডনে উন্নত চিকিৎসা নিতে যান তারেক। বর্তমানে তিনি পরিবার নিয়ে সেখানেই অবস্থান করছেন। তারেক রহমানের নেতৃত্বে প্রশংসা করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির পতাকা হাতে নিয়েছিলেন বলেই তারেক রহমানের বিরুদ্ধে দেশি-বিদেশি শক্তি ষড়যন্ত্র করেছে। ১/১১ সৃষ্টির মাধ্যমে তার ওপর চালানো হয়েছে নির্যাতন।” বক্তব্যের শুরুতে ভারপ্রাপ্ত মহাসচিব ছাত্রদলের নতুন সভাপতি আবদুল কাদের ভূইয়া জুয়েলকে পরিচয় করিয়ে দেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন, তার নেতৃত্বে ছাত্রদল সামনের দিকে এগিয়ে যাবে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, “তারেক রহমানকে অন্যায়ভাবে যারা ১/১১ এ নির্যাতন করেছে, বিএনপি ক্ষমতায় এলে ওইসব কুশীলবের বিচার করবে।” ১/১১ এর অবৈধ সরকারের সঙ্গে আপসরফা করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলে অভিযোগ করেন তিনি। মির্জা ফখরুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহ-সভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান বক্তব্য দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০০১ ঘ.