চাঁদপুর, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হামলায় আহত হওয়ার ছয়দিন পর চাঁদপুর-৩ আসনের সাংসদ এম রফিকুল ইসলামের পিএস যুবলীগ নেতা মো. খবির হোসেন জনির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
খবির হোসেন জনি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের সমাজসেবা সম্পাদক ছিলেন।
তিনি উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁও গ্রামের বাসিন্দা। বাবা-মা ছাড়াও তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।
বুধবার (২৯ অগাস্ট) রাত সাড়ে ১১টায় বাড়িতে ফেরার পথে টিএন্ডটি এলাকায় ২০/২৫ জন যুবক খবিরকে কুপিয়ে আহত করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকায় গ্রিনলাইফ হাসপাতালে নেওয়া হয়।
খবিরের বাবা শামসুল হক ও মা আফিয়া খাতুনের অভিযোগ, সাংসদ রফিকুল ইসলামের কয়েকজন নিকটাত্মীয়সহ কয়েকজন যুবক খবিরকে নির্মমভাবে হত্যা করেছে।
মতলব দক্ষিণ থানার ওসি খান মো. এরফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার ঘটনায় খবিরের বড় ভাই মোশারফ হোসেন বৃহস্পতিবার (৩০ অগাস্ট) নয়জনের নামে এবং অজ্ঞাত পরিচয় আরো আট জনকে আসামি করে মতলব দক্ষিণ থানায় মামলা দায়ের করেছেন।
আসামিরা হলেন সাংসদ রফিকুল ইসলামের ভাতিজা সাগর দেওয়ান (২৮) ও মেহেদী দেওয়ান (২৪), বাশার (২০), জুয়েল (২৩), নজরুল ইসলাম (২২), সাগর (২১), হেলাল (২০), সোহরাব (২৬) ও সোহেল সরকার (২৫)।
এরমধ্যে ওই রাতেই এক নজরুল ইসলাম এবং সন্দেহভাজন হিসেবে নুরুন্নবীকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছেন।
খবিরের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে মতলবের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭১৮ ঘ.
bdnews24