২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার প্রতি জুয়েল-হাবিবের কৃতজ্ঞতা

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জুয়েল ও হাবিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2012, 07:15 AM

Updated : 24 Aug 2022, 12:03 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জুয়েল ও হাবিব। আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলকে সভাপতি ও হাবিবুর রশিদ হাবিবকে সাধারণ সম্পাদক করে মঙ্গলবার জাতীয়তাবাদী ছাত্রদলের ২০১ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। একইসঙ্গে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটিতেও সম্মতি দেন খালেদা জিয়া। ছাত্রদলের সভাপতি মনোনীত হওয়ায় জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই দেশনেত্রী খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। তারা আমাকে যে দায়িত্ব দিয়েছেন, আমি জীবনবাজী রেখে তা পালন করব।” নতুন দায়িত্ব যথাযথ পালনের জন্য সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা চান তিনি। সংগঠনের নতুন সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব বর্তমানে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সকালে টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমাকে ছাত্রদলের সাধারণ সম্পাদক করায় আমি দেশনেত্রী খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ।” হাবিব ছাত্রদলকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। আগামী ১১ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানান। নরসিংদির মনোহরদির ছেলে জুয়েল ছাত্রদলের আগের এক কমিটিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজধানীর খিলগাঁও সরকারি স্কুল থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। আর নেত্রকোনার ছেলে হাবিব মা-বাবাকে নিয়ে দীর্ঘদিন ধরে মতিঝিলের সবুজবাগে বাস করছেন। মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতোকোত্তর ডিগ্রি নিয়েছেন তিনি। ছাত্রদলের বিদায়ী কমিটিতে হাবিব কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এর আগের কমিটিতেও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ২০১১ সালে এক হামলার ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএইচ/জেকে/১৩১৩ ঘ.