ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়াভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের মেয়াদ বাড়িয়ে আবারো ক্ষমতাসীনরা অর্থ লুণ্ঠনের ফন্দি আঁটছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
রফিকুল ইসলাম বলেন, “সরকার একদিকে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। অন্যদিকে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মেয়াদ শেষ হওয়ার পর আবার প্রকল্পগুলোর নবায়নের অনুমতি দেয়া হচ্ছে। উদ্দেশ্য আবারো প্রতিবছর ভুর্তকির কোটি কোটি টাকা লুণ্ঠন করা।”
শনিবার থেকে পাইকারি ও খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এ নিয়ে ষষ্ঠ বারের মতো বিদ্যুতের দাম বাড়ানো হলো।
হলমার্ক কেলেঙ্কারির হোতাদের শাস্তি, অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি ও বিদ্যুতের দাম বৃদ্ধি প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দল।
সোনালী ব্যাংক থেকে হলমার্ক কোম্পানির সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট হওয়ার ঘটনার কথা তুলে ধরে রফিকুল ইসলাম মিয়া বলেন, “এবার ক্ষমতাসীনরা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের টাকা লুট করে ব্যাংককে দেউলিয়া করে দিচ্ছে। সোনালী ব্যাংকের ঘটনা প্রকাশ হয়েছে। অগ্রণী, রূপালী ও জনতা ব্যাংকেও একই ঘটনা ঘটেছে।”
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সম্পদ লুট করে বিদেশে অর্থ পাচার অথবা ক্ষমতাসীন দলের নেতাদের নামে বরাদ্দ দেয়া নতুন ব্যাংকগুলোকে ব্যবসা পাইয়ে দিতে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন তিনি।
সংগঠনের সভাপতি এম এম মেহবুর রহমানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ মোজ্জামেল হক শাহিন প্রমুখ বক্তব্য দেন।
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় নাগরিক সংসদের উদ্যোগে অপর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ক্ষমতায় গেলে ফখরুদ্দীন-মইনুদ্দিনসহ কুশীলবদের বিচার করা হবে বলে ঘোষণা দেন।
তিনি বলেন, কোনোভাবেই তাদের ছাড় দেয়া হবে না। কাঠগড়ায় তাদের দাঁড় করানো হবে।
সংগঠনের সভাপতি খালেদা ইয়াসমীনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/১৯১৬ ঘ.
bdnews24