২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহালের দাবি

সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুর্নবহাল, কুমিল্লা জেলাকে বিভাগ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেছে কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলা ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2012, 07:46 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুর্নবহাল, কুমিল্লা জেলাকে বিভাগ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে রোড মার্চের কর্মসূচি ঘোষণা করেছে কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলা ঐক্য পরিষদ। আগামী ১২ সেপ্টেম্বর রোড মার্চের এ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে উপজেলা ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধন থেকে এই কর্মসূচি ঘোষণা করে সাবেক সাংসদ ও বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, “বিগত অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের আমলে কুমিল্লা-৯ নির্বাচনী এলাকাকে তিনভাগে বিভক্ত করে নির্বাচনের সীমানা নির্ধারণ করা হয়েছে। এর ফলে এই এলাকার মানুষের মধ্যে সম্পর্কে ব্যবধান সৃষ্টি হয়েছে। বর্তমানে সদর উপজেলাকে দ্বি-খন্ডিত করার ষড়যন্ত্র চলছে। আমরা কুমিল্লা-৯ নির্বাচনী এলাকা পুনর্বহাল চাই।” বিভিন্ন দাবির মধ্যে আরো রয়েছে- ঢাকা-কুমিল্লা সরাসরি রেল লাইন স্থাপন, কুমিল্লা মেট্রোপলিটন পুলিশ ও কুমিল্লা ওয়াসা গঠন। মনিরুল হক জানান, রোড মার্চ কুমিল্লা টাউন হল থেকে শুরু করে বিশ্বরোড, বিজয়পুর, লালমাই, বাগমারা, হরিশচর, দরবেশপাড়া, বেলঘর, গৈয়ারভাঙ্গা, ভুশ্চি, পিপুলিয়া, শুয়াগাজী, চৌয়ারা, চকবাজার হয়ে আবার টাউন হলে এসে শেষ হবে। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেন, নির্বাচন কমিশন অবৈধভাবে কুমিল্লা-৯ এলাকার সীমানা নির্ধারণ করেছে। সংগঠনের আহ্বায়ক ওয়াহিদ মজুমদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন জাসাস নেতা সামসুদ্দিন দিদার, স্থানীয় নেতা শহীদ উল্লাহ মজুমদার, বেলাল হোসেন, সিদ্দিকুর রহমান সুরুজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৩৩৯ ঘ.