২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলন জোরদারই চ্যালেঞ্জ: ফখরুল

“বিদ্যমান সংবিধানে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান বাতিল করে সেখানে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃসংযোজন করাও আমাদের জন্য আরেক চ্যালেঞ্জ।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2012, 10:11 AM

Updated : 24 Aug 2022, 12:02 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন জোরদার করাই এখন প্রধান চ্যালেঞ্জ মনে করছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দেশের গণতন্ত্র ও অর্থনীতি আজ বিপর্যস্ত অবস্থায় এসে দাঁড়িয়েছে। এরকম পরিস্থিতিতে যে কোনোভাবে হোক গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলনকে তীব্র পর্যায় নিয়ে যাওয়াই প্রধান চ্যালেঞ্জ বলে আমরা মনে করি।” বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শনিবার শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দেওয়ার পর তিনি সাংবাদিকদের একথা বলেন। নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন চালিয়ে গেলেও তাতে জনসমর্থন নেই বলে আওয়ামী লীগ নেতাদের দাবি। ঈদের পর কঠোর আন্দোলনের হুমকি দিলেও গণসংযোগের মতো নমনীয় কর্মসূচির ঘোষণা দেখে এই কথা বলছেন সরকারি দলের নেতারা। ফখরুল বলেন, “বিদ্যমান সংবিধানে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান বাতিল করে সেখানে নির্দলীয় সরকার ব্যবস্থা পুনঃসংযোজন করাও আমাদের জন্য আরেক চ্যালেঞ্জ।” সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে নির্দলীয় সরকারের অধীনে সাধারণ নির্বাচনের বিধান বাদ হওয়ায় এখন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। বিএনপি ওই বিধান ফিরিয়ে আনার দাবি জানিয়ে বলেছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না। সংবিধান সংশোধন করে মানুষের মৌলিক অধিকার খর্ব ও তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া বিনষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল। বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে দাবি করে তিনি বলেন, “বিএনপির ওপর এখন দায়িত্ব পড়েছে গণতন্ত্রকে রক্ষা করার। আমরা বিশ্বাস করি, নির্দলীয় সরকারের আন্দোলন সফল করার মধ্য দিয়ে গণতন্ত্র আবার ফিরে আসবে।” ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে নেতা-কর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। প্রতিষ্ঠাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ফখরুল বলেন, “৩৪ বছরে বিএনপি দেশের রাজনীতি ও অর্থনীতিতে বিরাট অবদান রেখেছে। একদলীয় শাসনের মাধ্যমে যে গণতন্ত্রকে হরণ করা হয়েছিলো জিয়া ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সেই গণতন্ত্র আবার ফিরিয়ে এনেছিলেন। “তিনি দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশকে একটি আত্মনির্ভরশীল দেশ হিসেবে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন।” ১৯৭৫ সালের ১৫ অগাস্টের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর অস্থিরতার এক পর্যায়ে রাষ্ট্রক্ষমতার কেন্দ্রে আসেন সেনা কর্মকর্তা জিয়াউর রহমান। দেশের প্রথম সামরিক আইন প্রশাসক হিসেবে ক্ষমতা গ্রহণের পর জিয়া ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রথম চেয়ারম্যান। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বের প্রশংসা করে ফখরুল বলেন, “তার নেতৃত্বে দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। তিনি অর্থনীতির চাকা সচল করে দেশকে মধ্যম আয়ের রাষ্ট্র ও উদীয়মান ব্যাঘ্রে পরিণত করেছিলেন।” রাষ্ট্রপতি থাকা অবস্থায় ১৯৮১ সালে চট্টগ্রামে সেনা অভ্যুত্থানে নিহত হন জিয়া। এরপর দলের হাল ধরেন জিয়া স্ত্রী খালেদা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া বিএনপির জনভিত্তি তৈরি করে দেন খালেদাই। খালেদার নেতৃত্বে বিএনপি ১৯৯১ এবং ২০০১ সালে জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যায় বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০০ ঘ.