বান্দরবান, অগাস্ট ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানে জামায়াতে ইসলামীর একদল নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
শুক্রবার বিকেলে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে শহর আওয়ামী লীগের এক আলোচনা সভায় তারা আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীন দলে যোগ দেন।
১৫ অগাস্ট শোক দিবস স্মরণে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
আওযামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে, সরকারের উন্নয়ন কর্মকা-ে আকৃষ্ট হয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
যোগদানকারীদের মধ্যে উপজেলা জামায়াতের কর্মী মঞ্জুর আলম, মো. একরাম, রশিদুল আলম, জাকারিয়া, জামায়াতের সদস্য রফিক আহম্মদ, সোনাইছড়ি ইউনিয়নের জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মীর আহম্মদ, কর্মী হোছন আহম্মদ ও আজিজুল হক রয়েছেন।
জামায়াতের এসব নেতাকর্মীসহ নাইক্ষ্যংছড়ি উপজেলার বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও জনসংহতি সমিতির (জেএসএস) মোট ২৯৮ জন নেতাকর্মী আওয়ামী লীগে যোগ দেন বলে জানান তিনি।
বিএনপি নেতাদের মধ্যে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নুর ইসলামও রয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) ও স্থানীয় সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং।
যোগদানকারী বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে বরণ করে নেন তিনি।
এ সময় বান্দরবান শহর আওয়ামী লীগের সভাপতি এসকে রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাস, লামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. ইসমাইল, বান্দরবান শহর সাধারণ সম্পাদক অমল কান্তি দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের আওয়ামী লীগে যোগদান সম্পর্কে শহর আওয়ামী লীগের সভাপতি রাজ্জাক বলেন, “আওয়ামী লীগ একটি বড় দল। তাই যে কেউ চাইলে এ দলে যোগ দিতে পারে।”
আর নাইক্ষ্যংছড়ি উপজেলার সাধারণ সম্পাদক তসলিম ইকবাল চৌধুরী বললেন, “যোগদানকারী জামায়াতে ইসলামীর এসব নেতাকর্মীদের কেউ চিহ্নিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধী নয়। তাই তাদেরকে দলে নেওয়া হয়েছে।”
বর্তমান সরকারের আমলে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড দেখে তারা আওয়ামী লীগে যোগ দিয়েছেন বলে জানান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লক্ষ্মীপদ দাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/এএল/২১৩১ ঘ.
bdnews24