ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি খাস জমি দখল ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মধ্যে দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে হাজির হয়ে সরকার দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি বললেন, বন্ধুর সঙ্গে দেখা করতেই তিনি সেখানে গিয়েছিলেন।
বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে উপস্থিত হন পটুয়াখালী-৪ আসনের সাংসদ। প্রায় দুই ঘণ্টা দুদক কার্যালয়ে অনুসন্ধান ও তদন্ত বিভাগের মহাপরিচালক এম এইচ সালাউদ্দিনের কক্ষে তিনি অবস্থান করেন।
বেরিয়ে আসার পর এ বিষয়ে জানতে চাওয়া হলে গোলাম মাওলা রনি সাংবাদিকদের বলেন, “আমি আমার বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিলাম।”
পাশাপাশি তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
স¤প্রতি রনির বিরুদ্ধে নিজ এলাকায় সরকারি খাসজমি দখল করে বাড়ি নির্মাণ, টেন্ডারে পার্সেন্টেজ আদায়, অর্থের বিনিময়ে মানুষকে চাকরি পাইয়ে দেওয়াসহ অবৈধ উপায়ে অর্থা উপার্জনের একাধিক অভিযোগ উল্লেখ করে পটুয়াখালী ডিসি অফিস, দুদক কার্যালয় এবং একাধিক সরকারি দপ্তরে চিঠি দেন দুদকের পটুয়াখালী কার্যালয়ের প্রধান আহসান আলী।
এ ছাড়া শেয়ার বাজারে রনির শেয়ার, ডিবেঞ্চার, মিউচুয়াল ফান্ড, বন্ড বা কোন সিকিউরিটিজ থেকে থাকলে তাও জানাতে নির্দেশ দেয় দুদক।
তবে এসব অভিযোগ নাকচ করে ওই কর্মকর্তাকে দুর্নীতিবাজ ও ঘুষখোর বলে আখ্যায়িত করেন রনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “উনাকে আমি চিনি না। তিনি দুর্নীতবাজ এবং ঘুষখোর। এ রকম দায়িত্বহীন মানুষকে কীভাবে দায়িত্ব দেয়া হল তা বুঝলাম না।”
এ বিষয়ে পটুয়াখালী দুদক কার্যালয়ের উপপরিচালক আহসান আলীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “একজন জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের কথা আসা খুবই দুঃখজনক।”
“আমি দায়িত্ব নেওয়ার আগেই তদন্ত শুরু হয়েছিল। আমি তা প্রকাশ করেছি মাত্র।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/২২৪০ ঘ.
bdnews24