ঢাকা, অগাস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্পিকারের দেওয়া রুলিং ‘অকার্যকর ও আইনগত ভিত্তিহীন’ বলে দেওয়া হাই কোর্টের অভিমতের কারণে সৃষ্ট বিতর্কের নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
তিনি বলেছেন, “হাই কোর্ট রিট পিটিশনে কোনো রুল জারি করেনি। সুতরাং মেরিটের মাধ্যমে বিষয়টি সমাধান করা সম্ভব এবং সমাধানের জন্য আইন মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে।”
হাই কোর্টের ওই বক্তব্যে সরকারদলীয় সংসদ সদস্যদের প্রতিক্রিয়া প্রকাশের মধ্যে বৃহস্পতিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন আইনমন্ত্রী।
রাষ্ট্রের তিনটি স্তম্ভ সংসদ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে মতবিরোধ গণতন্ত্রের জন্য ক্ষতিকর মন্তব্য করে তিনি বলেন, “আমি আশা করব, গণতন্ত্রের জন্যই বিষয়টি সমাধানের জন্য প্রত্যেকে এগিয়ে আসবেন।”
“কোনো সাংঘর্ষিক অবস্থা যেন সৃষ্টি না হয়, এ কারণে বিষয়টি সমাধান করতে হবে,” যোগ করেন মন্ত্রী।
হাই কোর্টের বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বক্তব্যকে কেন্দ্র করে গত ১৮ জুন স্পিকারের দেওয়া রুলিং চ্যালেঞ্জ করে রিট আবেদনে ২৪ জুলাই রায় দেয় হাই কোর্ট, যা গত সোমবার পর্যবেক্ষণসহ প্রকাশিত হয়েছে।
আদালত রায়ের অভিমতে বলেছে, একজন বিচারকের সংবিধান লঙ্ঘনের অভিযোগ নিয়ে স্পিকারের দেওয়া রুলিংয়ের আইনগত কোনো ভিত্তি নেই এবং তা আইনের দৃষ্টিতে অস্তিত্বহীন।
সংসদের আলোচনার বিষয়ে আদালতের প্রশ্ন তোলার অবকাশ নেই- সংবিধানের ৭৮ অনুচ্ছেদের এই বক্তব্য উল্লেখ করে আওয়ামী লীগ সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও তোফায়েল আহমেদ হাই কোর্টের রায়ের সমালোচনা করে আসছেন।
আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে এ নিয়ে প্রতিক্রিয়া হতে পারে বলে বুধবার এক সভায় ইঙ্গিত দেন সুরঞ্জিত।
তবে আইনমন্ত্রী আশা করছেন, আগামী সংসদ অধিবেশনের আগেই বিষয়টি সমাধান করা যাবে।
আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে স্থানীয় সরকার শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় সম্মেলনে অংশ নেন আইনমন্ত্রী।
তিনি বলেন, দেশের দরিদ্র জনগণের স্বার্থে গ্রাম আদালতগুলোকে কার্যকর করতে হবে।
“সনাতন পদ্ধতিতে মামলা পরিচালনা করতে গিয়ে দরিদ্র জনগণ হেনস্থার শিকার হন, অনেকেই মামলা পরিচালনা করতে গিয়ে নিঃস্ব হন। কিন্তু গ্রাম আদালত ব্যবস্থা কার্যকর থাকলে ছোট খাট অনেক বিষয়ই খুব সহজে সমাধান হতে পারে। এ সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে।”
এছাড়া অর্থের অভাবে যারা মামলা চালাতে পারছেন না, তাদের সরকারের পক্ষ থেকে আইনগত সহায়তা দেয়া হবে বলে জানান আইনমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/এমআই/১৯০০ ঘ.
bdnews24