ঢাকা, অগাস্ট ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তানজিম আহমেদ সোহেল তাজের ছেড়ে দেওয়া গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন তার বড় বোন সিমিন হোসেন রিমি।
শনিবার দলের সংসদীয় বোর্ডের সভা শেষে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “প্রার্থী নির্বাচন করতেই এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ আলোচনার পর আমরা সিমিন হোসেন রিমিকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঘোষণা করছি। নির্বাচন পরিচালনা করবেন উপদেষ্টাম-লীর সদস্য তোফায়েল আহমেদ।”
এর আগে সন্ধ্যায় দলের সভাপতিম-লীর সদস্য তাজউদ্দিনের স্ত্রী সৈয়দা জোহরা তাজউদ্দিনের সঙ্গে দেখা করে তার দুই মেয়ে সিমিন হোসেন রিমি ও মাহজাবিন আহমদ মিমিকে নিয়ে গণভবনে ফেরেন শেখ হাসিনা। এরপর পরই তার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।
সন্ধ্যা পৌনে ৬টা থেকে প্রায় ৫০ মিনিট শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা বনানী ডিওএইচএসে জোহরা তাজউদ্দিনের বাড়িতে ছিলেন।
জোহরা তাজউদ্দিনের সঙ্গে দেখা করার প্রসঙ্গে আশরাফ বলেন, “উনি দলের সভাপতিম-লীর সদস্য। তবে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে আমাদের দলের কোনো কর্মসূচিতে অংশ নিতে পারছেন না। তবে তিনি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই প্রধানমন্ত্রী তার খোঁজ-খবর নিতে গিয়েছিলেন। তাছাড়া গাজীপুর-৪ আসন থেকে তিনি নিজেও নির্বাচন করেছেন। তার ছেলে আসনটি ছেড়ে দিয়েছেন। সেক্ষেত্রে মনোনয়নের বিষয় নিয়ে তার সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলেছেন।”
গাজীপুর-৪ আসনে নির্বাচনের ক্ষেত্রে তাজউদ্দিনের পরিবারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওই আসনে ১৯৯৬ সালে সংসদ সদস্য ছিলেন তাজউদ্দিনের ভাই আফসার উদ্দিন আহমদ খান।
তাজউদ্দিন এবং জোহরা তাজউদ্দিনের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ ২০০১ ও ২০০৮ সালে ওই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন।
তবে সোহেল তাজের পদত্যাগের পর আসনটি শূন্য হয়ে পড়লে গত ২৩ অগাস্ট উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এই আসনে আওয়ামী লীগের আরো কয়েকজন প্রার্থী রয়েছেন। তাদেরকে এই নির্বাচনে যেনো সম্পৃক্ত করা যায়, সেজন্য রোববার থেকেই আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পদক্ষেপ নেবেন বলে জানান আশরাফ।
তিনি বলেন, “সিমিন হোসেন রিমিকে প্রার্থী ঘোষণার আগে শেখ হাসিনা সম্ভাব্য সব প্রার্থীর সঙ্গেই আলোচনা করেছেন। শনিবারের সংসদীয় বোর্ডের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।”
ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ সেপ্টেম্বর ভোট অনুষ্ঠিত হবে। এই উপনির্বাচন বর্জন করছে প্রধান বিরোধী দল বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৩০ ঘ.
bdnews24