চট্টগ্রাম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একুশে অগাস্ট গ্রেনেড হামলায় হতাহতদের একসঙ্গে স্মরণ করেছে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের দুই পক্ষের নেতারা।
মঙ্গলবার বিকালে নগরীর দারুল ফজল মার্কেটে দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা গ্রেনেড হামলার বিচার দ্রুত শেষ করার দাবি জানান।
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী। চট্টগ্রামের রাজনীতিতে মহিউদ্দিনের বিরোধী হিসেবে পরিচিত দুই নেতা প্রাথমিক ও গণশিক্ষান্ত্রী ডা. আফসারুল আমীন এবং সাংসদ নুরুল ইসলাম বিএসসি এতে অংশ না নিলেও তাদের অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নগর কমিটির সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, সহ-সভাপতি এ কে এম বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর গিয়াসউদ্দিন ও জহরলাল হাজারী, সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী আলোচনা সভায় বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে এবিএম মহিউদ্দিন চৌধুরী বলেন, একুশে অগাস্ট গ্রেনেড হামলার সঙ্গে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার জড়িত। এর বিচার বন্ধে বিএনপি-জামায়াত তৎপর রয়েছে।
দ্রুত ওই ঘটনার বিচার শেষ করার দাবি জানিয়ে তিনি বলেন, “অনেকেই ঈদের পর আন্দোলনের হুমকি দিচ্ছে। আমরাও মাঠে থাকব, সকল হুমকির জবাব রাজপথে দেওয়া হবে।”
এর আগে গত ১৫ অগাস্ট চট্টগ্রাম মুসলিম হলে নগর আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবসের কর্মসূচিতে মহিউদ্দিনের আমন্ত্রণে এক হয়েছিলেন দুইপক্ষের নেতারা। ওই অনুষ্ঠানের আগে নগর আওয়ামী লীগে বিরোধীপক্ষ হিসেবে পরিচিত দুই নেতার বাসায় গিয়ে দাওয়াত দিয়েছিলেন মহিউদ্দিন চৌধুরী।
আর এর মধ্য দিয়ে তিন বছরেরও বেশি সময় পর দুই পক্ষের শীতল সম্পর্কের ‘বরফ’ গলতে শুরু করেছে বলে মনে করছেন নেতাকর্মীরা।
অবশ্য আফসারুল আমীন ও নুরুল ইসলাম বিএসসির অনুসারী নগর আওয়ামী লীগের নেতারা জাতীয় শোক দিবসের কর্মসূচি আলাদাভাবেও পালন করেছিলেন।
ব্যক্তিগত ও ঈদের অন্যান্য কর্মসূচিতে ব্যস্ত থাকায় আফসারুল আমীন ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি মঙ্গলবার একুশে অগাস্টের এ কর্মসূচিতে অংশ নিতে পারেননি বলে ঘনিষ্টরা জানিয়েছেন। তবে তাদের অনুসারীরা সেখানে ছিলেন এবং তারা আলাদা করে কোনো অনুষ্ঠানও এবার করেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/জেকে/১০৩৫ ঘ.
bdnews24