প্রকাশ বিশ্বাস
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আট বছর পেরিয়ে গেলেও বঙ্গবন্ধু এভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার বিচার শেষ হয়নি। কবে শেষ হবে ওই ঘটনায় করা দুই মামলার বিচার, তার আভাসও দিতে পারছেন না সংশ্লিষ্টরা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছেন, যেভাবে বিচারক রাষ্ট্রপক্ষের সাক্ষীদের জেরার জন্য আসামি পক্ষের আইনজীবীদের সুযোগ দিচ্ছেন, তাতে বিচার কবে শেষ হবে তা বলা মুশকিল।
রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিচার ফাঁকি দেওয়ার জন্য আসামি পক্ষ কৌশল নিয়েছে বিচার বিলম্বিত করার। আর এ কাজ করতে গিয়ে তারা রাষ্ট্রপক্ষের সাক্ষীদের আজে বাজে প্রশ্ন করছেন।
“রাষ্ট্রপক্ষের তুমুল আপত্তি সত্ত্বেও শুধু সময়ক্ষেপনের জন্য আসামি পক্ষ থেকে বার বার একই রকমের প্রশ্ন করা হচ্ছে।”
এর পাশাপাশি এই মামলার আসামি ‘জঙ্গিরা’ দেশের বিভিন্ন স্থানে আরো অনেক মামলার আসামি বলে ওই সব মামলার শুনানিতে তাদের হাজির করতে নিয়ে যাওয়ায় গ্রেনেড মামলার সাক্ষ্যগ্রহণ বিলম্বিত হচ্ছে।
রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশ্নে বিচারে দেরির জন্য এই দুটিকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ ২৪ জন নিহত এবং কয়েকশ’ আহত হন।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ ওঠে। জজ মিয়া নামে এক ভবঘুরেকে আসামি সাজিয়ে তদন্ত এগিয়ে নিতে থাকে সিআইডি। এজন্য তিন তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
কয়েকজন তদন্ত কর্মকর্তার হাত ঘুরে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালের ১১ জুন সিআইডি কর্মকর্তা ফজলুল কবীর ২২ জনকে আসামি করে মামলার অভিযোগপত্র দাখিল করেন।
এরপর বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে সিআইডির বিশেষ পুলিশ সুপার কাহহার আকন্দের অধিকতর তদন্তে আসামির তালিকায় যোগ হন খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ আরো ৩০ জন।
অনুসন্ধানে দেখা যায়, চারদলীয় জোট সরকার আমলে রাজনৈতিক হস্তক্ষেপ, আসল আসামিদের বাইরে রেখে ভুয়া আসামি বানানো, তদন্ত শেষে দীর্ঘ সময় লাগা, রাষ্ট্রপক্ষ থেকে আদালতে সাক্ষী উপস্থাপনে ব্যর্থতা ইত্যাদি কারণে এই মামলায় বিচার গতি পায়নি।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার আদালতে বর্তমানে এই মামলার শুনানি চলছে। বিচারক শাহেদ নূর উদ্দিন নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে শুনানি নিচ্ছেন।
বর্তমানে রাষ্ট্রপক্ষের ৬৩ নম্বর সাক্ষী ঢাকার মহানগর এলাকার সাবেক ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার এস এম মিজানুর রহমানের সাক্ষ্যগ্রহণ চলছে। গত ১২ অগাস্ট ট্রাইবুনাল আগামী ২ ও ৩ সেপ্টেম্বর আসামি পক্ষ থেকে অবশিষ্ট জেরার জন্য দিন রেখেছেন।
আলোচিত এই মামলায় রাষ্ট্র পক্ষে মোট সাক্ষীর সংখ্যা ৪৯১ জন। দুই মামলায় মোট আসামির সংখ্যা ৫২ জন। কাহহার আকন্দ এই মামলার ষষ্ঠ তদন্ত কর্মকর্তা।
অধিকতর তদন্ত শেষে গত বছরের ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দেওয়ার পর নতুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতেই ১৫ দিন সময় লেগে গিয়েছিল।
আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, “দ্রুত বিচার ট্রাইবুনালের মামলার বিচার কাজে সময় বেঁধে দেওয়া রয়েছে। তবে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে ওই সময়ের মধ্যে যৌক্তিক কারণে বিচার শেষ না করা গেলে সময় বাড়ানো যায়।”
এই দুটি মামলা সম্úূরক অভিযোগপত্র দেওয়ার আগেও দ্রুত বিচার আদালতে ছিল। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হওয়ায় তা জজ আদালতে ফেরত যায়। পরে তা আবার দ্রুত বিচার আদালতে পাঠানো হয়।
মামলার আসামিরা
গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা হয়। চারদলীয় জোট সরকার আমল পেরিয়ে ঘটনার ৪৬ মাস পর ২০০৮ সালের ১১ জুন সিআইডির সিনিয়র এএসপি ফজলুল কবির ২২ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন।
প্রথম অভিযোগপত্রের আসামিদের মধ্যে ১৪ জন গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে অভি, শরীফ শাহেদুল আলম বিপুল, মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, হাফেজ আবু তাহের, শাহাদাতউল্লাহ জুয়েল, হুসেইন আহমেদ আমিন, আবু জান্দাল ওরফে মঈনুদ্দীন শেখ, আরিফ হাসান সুমন, রফিকুল ইসলাম সবুজ ও উজ্জ্বল ওরফে রতন।
প্রথম অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে পলাতক আট জন হলেন- মাওলানা তাজউদ্দীন (পিন্টুর চাচাত ভাই), মো. খলিল, জাহাঙ্গীর আলম বদর, মো. ইকবাল, মুত্তাকিন, মুরসালিন, আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার ও মাওলানা লিটন।
গত বছরের ৩ জুলাই আদালতে সম্úূরক অভিযোগপত্র দেন কাহহার আকন্দ। এতে তারেক রহমানসহ ৩০ জনের নাম যোগ হয় আসামির তালিকায়।
নতুন আসামিদের মধ্যে রয়েছেন- তারেক রহমান, খালেদার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, বিএনপির সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, ঢাকার সাবেক কাউন্সিলর আরিফুর রহমান।
আসামির তালিকায় আরো যোগ হন- এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রেজ্জাকুল হায়দার ও আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ টি এম আমিন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জোয়ার্দার, অবসরপ্রাপ্ত আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হক ও খোদা বখশ চৌধুরী, সাবেক ডিসি (পূর্ব) মো. ওবায়দুর রহমান, সাবেক ডিসি (দক্ষিণ) খান সাঈদ হাসান এবং সাবেক তিন তদন্ত কর্মকর্তা অবসরপ্রাপ্ত এএসপি আব্দুর রশিদ, অবসরপ্রাপ্ত এএসপি মুন্সী আতিকুর রহমান ও বিশেষ পুলিশ সুপার মো. রুহুল আমিন।
এছাড়া হানিফ এন্টারপ্রাইজের মালিক মো. হানিফ, মাওলানা শেখ আব্দুস সালাম, মো. আব্দুল মাজেদ বাট ইউসুফ, আব্দুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, আব্দুর রউফ ওরফে আবু ওমর হোমায়রা, আব্দুল হান্নান সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই, রাতুল বাবুর নামও সম্পূরক অভিযোগপত্রে আসামির তালিকায় অন্তর্ভুক্ত হয়।
সম্পূরক অভিযোগপত্রে নতুন ৩০ জনসহ দুই মামলায় মোট আসামি সংখ্যা দাঁড়ায় ৫২ জনে। এ ছাড়া ৮৩ জনকে নতুন সাক্ষী করা হয়। এতে এখন সাক্ষীর সংখ্যা ৪৯১ জন।
সিআইডির অনুসন্ধানে হামলার কারণ
২০০৮ সালে প্রথম অভিযোগপত্র দেওয়ার পর হামলার কারণ সম্পর্কে তৎকালীন সিআইডি প্রধান জাবেদ পাটোয়ারী সাংবাদিকদের বলেছিলেন, “হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) এই হামলা চালিয়েছে। দলটি মনে করে আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষী। এ কারণে তারা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়।”
তদন্ত কর্মকর্তা ফজলুল কবীর বলেন, “গ্রেপ্তারকৃত আসামিদের জবানবন্দি ও সাক্ষ্যপ্রমাণ থেকে আমরা হরকাতুল জিহাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছি। গ্রেপ্তারকৃতরা বলেছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় অনেক আলেমকে গ্রেপ্তার ও হয়রানি করেছিল। তারা মনে করত- আওয়ামী লীগ ইসলামের প্রসার চায় না। সেজন্য তারা কয়েকবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালায়।”
হাসিনাকে হত্যার জন্য হুজির চেষ্টার বর্ণনা দিয়ে ফজলুল কবীর বলেন, “প্রথমবার কোটালিপাড়ায় ড্রামভর্তি বিস্ফোরক পাওয়া যায়। দ্বিতীয়বার ২০০১ সালে শেখ হাসিনা নির্বাচনী প্রচারণায় সিলেটে গেলে জঙ্গি নেতা ডা. জাফর বোমা নিয়ে সেখানে যান। কিন্তু শেখ হাসিনার হযরত শাহজালাল ও শাহ পরানের মাজারে যাওয়ার কথা থাকলেও তিনি যাননি। ফলে তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
“এরপর ডা. জাফর ওই বোমা নিয়ে সিলেটে আরেক জঙ্গিনেতা ডা. রিফাতের বাসায় উঠলে ব্যাগ থেকে বোমাটি বের করার সময় তা বিস্ফোরিত হয়ে দুজন নিহত হয়। সর্বশেষ হয় ২১ আগস্টের গ্রেনেড হামলা।”
ঘটনার সঙ্গে বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুর সম্úৃক্ততা প্রসঙ্গে তিনি বলেন, “হরকাতুল জিহাদ কর্মীদের সঙ্গে পিন্টুর সংশ্লিষ্টতা ব্যক্তিগত পর্যায়ে। আমরা জেনেছি, পিন্টুর বাসায় গ্রেনেড হামলা নিয়ে দু’দফা বৈঠক হয়।”
গ্রেনেডের উৎস সম্পর্কে জাবেদ পাটেয়ারী বলেন, “মাওলানা তাজউদ্দিন গ্রেনেডগুলো সরবরাহ করে বলে তদন্তে জানা গেছে। তিনি এখন পলাতক। তাকে গ্রেপ্তার করা গেলেই গ্রেনেডের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। এ ধরনের আর্জেস গ্রেনেড বাংলাদেশে তৈরি হয় না। এগুলো তৈরি হয় অস্ট্রিয়ায়।”
বিরোধীদলীয় নেতার ছেলেকে আসামি করার বিষয়ে ঢাকা মহানগর জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু গত বছর সম্úূরক অভিযোগপত্র দেওয়ার পর সাংবাদিকদের বলেন, “তিনি (তারেক) প্রশাসনিকভাবে এ হামলার পরিকল্পনায় এবং আসামিদের পালাতে সহযোগিতা করেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১১৪০ ঘ.
bdnews24