২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে এলে সহযোগিতা পাবেন: শেখ হাসিনা

সরকার পরিবর্তনের ক্ষেত্রে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে জানিয়ে এ নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে দিতে বিরোধী দলের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2012, 01:43 PM

Updated : 24 Aug 2022, 11:57 AM

ঢাকা, অগাস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পরিবর্তনের ক্ষেত্রে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করা হবে জানিয়ে এ নিয়ে কোনো প্রস্তাব থাকলে তা সংসদে দিতে বিরোধী দলের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেছেন, “বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকবে। সরকার পরিবর্তন হবে গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়ায়। যারা পার্লামেন্টে আছেন, পার্লামেন্টে যত রকম সহযোগিতা দরকার, আমরা তা দিতে রাজি আছি।” নির্দলীয় সরকার প্রতিষ্ঠায় বিএনপির নেতৃত্বে বিরোধী দলের আন্দোলনের হুমকির মধ্যে বৃহস্পতিবার এক আলোচনা সভায় একথা বলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা। বর্তমান সরকারের আমলে সংবিধান সংশোধনে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলোপের ফলে বর্তমান ব্যবস্থায় দলীয় অর্থাৎ মহাজোট সরকারের অধীনেই নির্বাচন হবে। তবে দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না দাবি করে বিএনপি নির্দলীয় সরকার পুনর্বহালের দাবি জানিয়ে আসছে। দলের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবারও এক আলোচনা সভায় বলেন, নির্দলীয় সরকার ছাড়া নির্বাচন হলে দেশের গণতন্ত্র বিপন্ন হবে। বিএনপির দাবির প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনকালীন সরকারে বিরোধী দলকেও রাখার কথা জানিয়ে তা নিয়ে সংসদে প্রস্তাব তুলতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না বলে বিরোধী দলের বক্তব্য প্রত্যাখ্যান করে শেখ হাসিনা বলেন, বর্তমান সরকারের সময়ে উপ-নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচনসহ প্রায় পাঁচ হাজারের ওপর নির্বাচন হয়েছে। কোনো নির্বাচনে অনিয়ম হয়নি। জীবনহানি হয়নি। “রাজনৈতিক দলের অধীনে নির্বাচন কেন সুষ্ঠু হবে না ? আওয়ামী লীগ জনগণের দল, কোনো জেনারেলের পকেট থেকে গজিয়ে ওঠা দল নয়,” যোগ করেন তিনি। বিগত সেনা মদদপুষ্ট তত্ত্বাবধায়ক সরকারের অভিজ্ঞতা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা জনগণকে সতর্ক করে বলেন, “অনেকেই আছেন- যারা রাজনৈতিক দল করতে পারেন না। তাদের জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার অধিকার নেই। কিন্তু তাদের ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে। “তাদের খায়েশ অনেক। তারা চায় কীভাবে রাজনীতির অলি-গলি দিয়ে সহজে ক্ষমতায় যাওয়া যায়।” “ওই খোলোয়াড়দের সম্পর্কে সজাগ থাকতে হবে। যারা ক্ষমতায় গিয়ে নিজেদের ভাগ্য গড়তে চায়। জনগণের ভাগ্য নিয়ে খেলতে চায়,” বলেন প্রধানমন্ত্রী। টেলিভিশনে আলোচনা অনুষ্ঠানে সরকারের সমালোচনাকারীদেরও সমালোচনা করেন তিনি। ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত এই আলোচনা সভায় বাবা-মাসহ পরিবারের সদস্যদের হারানোর বেদনাও ভারাক্রান্ত করে শেখ হাসিনাকে। তিনি বলেন, “১৫ দিন আগে আমি আমার ছোট বোন রেহানাকে নিয়ে আমার স্বামীর কর্মস্থলে যাই। আর আসা হয়নি। যে বাংলাদেশে মা-বাবা আর ভাইদের রেখে গেলাম, ১৫ দিন পর শুনলাম কেউ নেই। আমরা এতিম হলাম।” ১৯৮১ সালে নিজের অনুপস্থিতিতে সামরিক শাসকের চাপের মধ্যেও আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করায় নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শেখ হাসিনা। প্রতিকূল অবস্থায় রাজনীতি করার কথা তুলে ধরে তিনি বলেন, “ইত্তেফাকের মানিক মিয়ার ছেলে ফারুক-রশিদকে নিয়ে দল করলেন। এরশাদ তাদের দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করালেন। খালেদা জিয়া বঙ্গবন্ধুর এক খুনিকে বিরোধী দলের নেতা বানান। এই পরিস্থিতিতে আমাকে রাজনীতি করতে হয়েছে।” “আমার দ্বারা বাংলাদেশের জনগণের এতটুকু ক্ষতি হোক, তা আমি হতে দেব না। তাতে আমার জীবন যায় যাক,” বলেন তিনি। খুনিদের সঙ্গে সমঝোতা নয়: আশরাফ সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, “যারা ১৫ অগাস্ট জন্মদিন উদযাপন করে উৎসব করে, বঙ্গবন্ধুর খুনিদের প্রশ্রয় দেয় এবং রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের সঙ্গে কোনো রকম সমঝোতা করা হবে না।” ১৫ অগাস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন, ২১ অগাস্টের গ্রেনেড হামলার দিকে ইঙ্গিত করে তিনি একথা বলেন। আশরাফ অনুষ্ঠানে সমবেতদের উদ্দেশে বলেন, “যে দলের নেত্রী ১৫ অগাস্ট ইচ্ছাকৃতভাবে জন্মদিন পালন করেন। যে ব্যক্তি ১৫ অগাস্ট জন্মদিন করে উল্লাস করে, তাদের সঙ্গে কী সমঝোতা সম্ভব ?” মিলনায়তনে উপস্থিত সবাই তখন একসঙ্গে বলে ওঠেন, “না।” “হত্যাকারী, খুনি, খুনির আশ্রয়দাতা ও মদদকারীদের সঙ্গে ঐক্য সম্ভব নয়। কোনো খুনির সঙ্গে রাজনীতি সম্ভব নয়,” এরপর বলেন আশরাফ। ‘কিছু বুদ্ধিজীবী, কলাম লেখক ও সম্পাদক রাজনীতিকে জটিল করে তুলেছে’ মন্তব্য করে আওয়ামী লীগের মুখপাত্র বলেন, “কলাম লেখররা কি ১৫ অগাস্ট ভুলে গেছেন? তারা কি জানেন না- কারা ষড়যন্ত্র করেছিল? কারা চট্টগ্রামে গুলি করেছিল? কারা ২১ অগাস্টে গ্রেনেড হামলা করেছিল?” আগামী রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের ঐক্য ধরে রাখার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত ও দুর্গা দাস ভট্টাচার্য, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ নাসিম এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২০২২ ঘ.