ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক ব্যবস্থা না ফেরানোর সিদ্ধান্ত আঁকড়ে না থেকে নির্দলীয় সরকার ব্যবস্থা নিয়ে সংলাপে বসার জন্য ক্ষমতাসীনদের প্রতি আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।
শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “মেয়াদ শেষে সংসদ ভেঙে নির্বাচন দিতে হবে। সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে আমরা জাতীয় নির্বাচন চাই।”
“বর্তমান সরকারকে বলব, একগুয়েমি পরিহার করে জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্দলীয় সরকারের নামকরণ কি হবে, তা নিয়ে আলোচনায় বসুন”, বলেন হান্নান শাহ।
সাংবিধানিক অধিকার ফোরামের আয়োজিত ‘বাংলাদেশে সংসদ নির্বাচনে চলমান রাজনৈতিক পরিবেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির কোনো বিকল্প নাই’ শীর্ষক এ আলোচনা সভায় মূল প্রবন্ধ পড়েন সংগঠনের সদস্য সচিব সুরঞ্জন ঘোষ।
সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে আ স ম হান্নান শাহ বলেন, “সংসদ না ভেঙে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিধান বিশ্বের কোনো দেশে নেই। অথচ আমাদের সরকার এ রকম একটি উদ্ভট বিধান সংবিধানে সংযোজন করেছে। এটা দেশের মানুষ ও সংবিধান বিশেষজ্ঞদের কাছে গ্রহনযোগ্য নয়।”
ক্ষমতাসীন মহাজোটের শরিকরাও সংসদ বহাল রেখে নির্বাচন আয়োজনের বিধান নিয়ে অসন্তুষ্ট- এমন মন্তব্য করে হান্নান শাহ বলেন, “সরকারকে বলব, নির্বাচনের আগে সংসদ ভেঙে দিন। সংসদ বহাল রেখে দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।”
বর্তমান সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে। বর্তমান সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় নির্বাচন হবে। তার আগে সংসদ ভেঙে দেওয়ার প্রয়োজন হবে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, “সরকার নিজেদের অধীনে নির্বাচন করতে চায়। মহাজোটের শরিকদের মধ্যে কয়েকটি দল ইতোমধ্যে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিরোধিতা করায় সরকারের সুর নরম হয়ে এসেছে। এখন তারা বলছেন, নির্বাচনকালীন সময়ে নির্বাচিত ব্যক্তিদের নিয়ে অর্ন্তবর্তীকালীন সরকার হবে।”
“এক্ষেত্রে আমারাদের বক্তব্য স্পষ্ট। সংসদ ভেঙে নির্বাচন হতে হবে। আর নির্বাচনের সময়ে অর্šÍবর্তীকালীন সরকারটি হতে হবে নির্দলীয়। ওই সরকারের নাম আপনারা (সরকার) যা-ই করুন, তাতে বিএনপির কোনো আপত্তি নেই”, বলেন তিনি।
হান্নান শাহ অভিযোগ করেন, পদ্মা সেতুর কাজ পাইয়ে দিতে বিদেশি কোম্পানির টাকা নেওয়া ছাড়াও সেতু প্রকল্পের ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে।
“চ্যালেঞ্জ করে বলছি, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন হলে আমি দেখিয়ে দেব- কীভাবে কোটি কোটি টাকা লুট হয়েছে।”
সরকারের দুর্নীতি ও ব্যর্থতার সমালোচনা করে আ স ম হান্নœান শাহ বলেন, ‘‘ সরকার দুর্নীতিতে আকন্ঠ নিমজ্জিত হয়ে গেছে। পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগের ১০ মাস পর সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছেন।
লুণ্ঠিত অর্থ ‘লুকিয়ে ফেলতেই’ সাবেক যোগাগযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন পদত্যাগ করেছেন বলেও হান্নান শাহ মন্তব্য করেন।
সাংবিধানিক অধিকার ফোরামের প্রধান উপদেষ্টা সাবেক সচিব সৈয়দ মারগুব মোরশেদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪০২ ঘ.
bdnews24