ঢাকা, অগাস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্দলীয় সরকার ছাড়া অন্য কোনো প্রস্তাবে সরকারের সঙ্গে সমঝোতা করবে না প্রধান বিরোধী দল বিএনপি।
বুধবার রাজধানীতে এক আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, প্রধানমন্ত্রীর অন্তর্বতীকালীন সরকারের প্রস্তাব ‘দূরভিসন্ধিমূলক’। জনগণকে ‘বিভ্রান্ত’ করার জন্যই তিনি এটি দিয়েছেন।
“আমাদের অবস্থান স্পষ্ট, নির্দলীয় সরকারের দাবিটি গণদাবিতে পরিণত হয়েছে। বিএনপির পক্ষে এই দাবি পূরণ ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়।”
সম্প্রতি বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে নির্বাচনকালীন সময়ে অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাব তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সরকারে বিএনপি চাইলে থাকতে পারবে বলেও তিনি মন্তব্য করেন।
তবে প্রধানমন্ত্রীর এই প্রস্তাব প্রত্যাখান করেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
এ প্রসঙ্গে এম কে আনোয়ার বলেন, “প্রধানমন্ত্রী এতোদিন বলেছেন, দলীয় সরকারের অধীনেই নির্বাচন হবে। এখন তিনি বলছেন, আমাদের নিয়ে অন্তর্বতীকালীন সরকার হবে। বিএনপি চাইলে সেই সরকারে যোগ দিতে পারবে। প্রধানমন্ত্রীর এই প্রস্তাব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”
“আওয়ামী লীগের কিছু উচ্ছিষ্টভোগী ছাড়া দেশের জনগণসহ সবাই মনে করে, দলীয় সরকারের অধীনে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন হবে না”, যোগ করেন আনোয়ার।
সরকারের সাড়ে তিন বছরের মেয়াদে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট, পুঁজিবাজার থেকে শুরু করে সব জায়গা থেকে ক্ষমতাসীনরা দুর্নীতির মাধ্যমে অর্থ লুট করেছে বলেও অভিযোগ সাবেক মন্ত্রী আনোয়ারের।
তিনি বলেন, “সাবেক যোগাযোগমন্ত্রী, যিনি দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছেন, তাকেই প্রধানমন্ত্রী দেশপ্রেমিক বলেছেন। আমরা প্রধানমন্ত্রীকে বলছি, আপনিও ব্যর্থতায় দায় নিয়ে পদত্যাগ করুন। তাহলে আমরা আপনাকে দেশপ্রেমিক বলব।”
জাতীয় প্রেসক্লাবে দেশনেত্রী ফোরামের উদ্যোগে ‘১৫ অগাস্ট বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার জন্মদিন’ শীর্ষক আলোচনা সভায় অন্যদের মধ্যে সংগঠনের সভাপতি আতাউর রহমান আতা, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী মাজহারুল আনোয়ার দোলন, সাবেক সাংসদ হেলেন জেরিন খান বক্তব্য রাখেন।
‘নতজানু পররাষ্ট্রনীতি’
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেন, “সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্তে দিনের পর দিন বিএসএফ বাংলাদেশীদের হত্যা করছে।”
ভারত বাংলাদেশের সত্যিকারের বন্ধু রাষ্ট্র হলে এভাবে বন্ধুদেশের মানুষকে হত্যা করতো না বলেও মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৬১৫ ঘ.
bdnews24