২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখতিয়ার চ্যালেঞ্জদ্রুতবিচার আদালতের কার্যক্রমে স্থগিতাদেশ

বিরোধীদলের নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা যে আদালতে বিচারাধীন, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে আট সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 11:53 AM

ঢাকা, অগাস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলের নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা যে আদালতে বিচারাধীন, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে আট সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। সেইসঙ্গে একটি রুলও জারি করেছে আদালত। গেজেট জারি না করে মুখ্য মহানগর হাকিমের দেওয়া আদেশের মাধ্যমে ৫ নম্বর দ্রুত বিচার আদালত গঠন ও বিচারকের এখতিয়ার নির্ধারণ কেন অবৈধ এবং আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৮ ধারার সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে এই রুলে। আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহাসহ বিবাদীদের ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মোখলেসুর রহমান, মো. ইকরামুল হক টুটুল, সহকারী অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, নুসরাত জাহান। আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রফিক উল হক এবং অ্যাডভোকেট আহসানুল করিম শুনানি করেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক ব্যারিস্টার মো. বদরুদ্দোজা, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে উদ্দেশ্য করে বলেন, কেউ কোনো অপরাধ করলে কেবল মামলার প্রক্রিয়াগত ভুলের কারণে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ থেকে রেহাই পেতে পারে না। তাই মামলার ওপর স্থগিতাদেশ দেওয়া ঠিক হবে না। এ সময় বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি বলেন, আমরাতো মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেইনি। আমরা আদালতের কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছি। আবেদনকারীদের আইনজীবী আহসানুল করিম সাংবাদিকদের বলেন, দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর বিচারিক কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছে হাই কোর্ট। আদালতের কার্যক্রম স্থগিত করায় ওই সময় পর্যন্ত বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রমও স্থগিত থাকবে। একই কথা বলেন ব্যারিস্টার রফিক-উল হকও। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, “আমরা আদালত গঠনের গেজেট দেখাতে পারিনি। এ কারণে ওই মামলা সংক্রান্ত আদালতের কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছে। এখতিয়ার সম্পন্ন অন্য কোনো কোর্টে এই মামলা চালাতে কোনো অসুবিধা রয়েছে বলে আমার মনে হয় না।” “২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় ছিল। তখন গেজেট হয়েছে কি-না, আমরা তাত্ক্ষনিকভাবে নিশ্চিত করতে পারিনি। আমার ধারণা গেজেট হয়েছিল। সেটা খুঁজে বের করাই এখন আমাদের প্রধান কাজ”, বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, “যে আদালত বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে, এই মামলা শোনার এখতিয়ারই সে আদালতের ছিল না। এরপরও ওই বিচারক অভিযোগ গঠন করে ফেলেছেন। কাল থেকে সাক্ষ্য গ্রহণ শুরুর দিনও ধার্য করেছেন।” “বিএনপিকে অপমান ও হয়রানি করার জন্যই এটা করা হয়েছে। এটা আইন সম্মতও ছিল না। হাই কোর্টের আদেশের মাধ্যমে সরকারের জুলুমের আপাতত অবসান হয়েছে”, বলেন মওদুদ। গত ২৯ জুলাই হাই কোর্টে দায়ের করা এই রিট আবেদেনে ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারকের এখতিয়ার চ্যালেঞ্জ করার পাশাপাশি গাড়ি পোড়ানোর মামলা স্থগিতেরও আবেদন করেছিলেন মাহবুব উদ্দিন খোকন। তার পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন রোববার সকালে আবেদনটি শুনানির জন্য মির্জা হোসেইন হায়দার নেত্ত্বৃাধীন বেঞ্চে উপস্থাপন করেন। তবে অ্যাটর্নি জেনারেলের পক্ষে সময় চাওয়া হলে সোমবার বেলা ১১টায় শুনানির সময় রাখা হয়। সোমবার আবেদনটি আদালতে উঠলে এক পর্যায়ে কনিষ্ঠ বিচারপতি বিব্রতবোধ করেন। এরপর জ্যেষ্ঠ বিচারপতি বলেন, “আমাদের একজন বিব্রতবোধ করেছেন। আবেদন অন্য কোর্টে নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছি।” পরে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকসহ অন্য আইনজীবীরা বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে যান। হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপি ও শরিক নেতাদের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল তেজাগাঁও থানায় এ মামলা করা হয়। ঢাকার দ্রুত বিচার আদালত গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করে। ‘গেজেট প্রেসে গেছে, হাতে নেই’ ব্যারিস্টার রফিক-উল হক শুনানিতে বলেন, আইন শৃংখলা বিঘ্নকারী (দ্রুত বিচার) আইন-২০০২ এর ৮ ধারা অনুযায়ী সরকার গেজেট বিজ্ঞপ্তি দিয়ে দেশের যে কোনো জেলায় এক বা একাধিক দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। একই আইনে বলা হয়েছে, সরকার সংশ্লিস্ট ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করবে ও বিচারকের বিচারিক অধিক্ষেত্র নির্ধারণ করবে। “কিন্তু ঢাকার ৫ ও ৭ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের ক্ষেত্রে সরকার কোনো গেজেট বিজ্ঞপ্তি জারি করেনি। সিএমএম একটি আদেশ দিয়ে আদালত গঠন ও এর বিচার নিয়োগ করেছে, যা বেআইনী। আর এ কারণেই রিট আবেদনটি করা হয়েছে।” অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, আইনের ৮ ধারা অনুযায়ী সরকার ট্রাইব্রুনাল গঠন করবে ও বিচারক নিয়োগ করবে। ২০০২ সালের ১০ এপ্রিল প্রথম আইন করা হয়। এ আইনে একইবছরের গেজেট দিয়ে ৮ মে ঢাকায় চারটি আদালত গঠন করা হয়। ২০০৮ সালে সিএমএম এনামুল হক দ্রুত বিচার আইনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিচারকদের(ম্যাজিস্ট্রেট) নাম উল্লেখ করে তাদের জন্য দ্রুত বিচার আদালত গঠনের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এরপর সরকার সুপ্রিম কোর্টের অনুমতি সাপেক্ষে তা অনুমোদন করে। তা গেজেট আকারে প্রকাশের জন্য বিজি প্রেসেও পাঠানো হয়েছে। এ সময় আদালত জানতে চান, সরকার আদৌ গেজেট জারি করেছে কি-না। কারণ তা করা হয়ে থাকলে মামলাই শেষ হয়ে যায়। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, “গেজেট এখন আমাদের হাতে নাই। ছাপানোর জন্য পাঠানো হয়েছে।” এ সময় আদালত বলেন, ২০০৮ সালে পাঠানো হলো। এখনও ছাপা হয়নি? এতে তো সরকারই বিপদে পড়বে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬৩৬ ঘ.