ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংককে নিয়ে প্রধানমন্ত্রীর ‘নেতিবাচক’ বক্তব্য পদ্মা সেতু প্রকল্পে সংস্থাটির ফিরে আসার সম্ভাবনা ভেস্তে দিতে পারে বলে মনে করেন মওদুদ আহমদ।
রোববার এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনার পাশাপাশি অর্থমন্ত্রীর তৎপরতার সমর্থনও প্রকাশ পায় এই বিএনপি নেতার কণ্ঠে।
মওদুদ বলেন, “সৈয়দ আবুল হোসেনের পদত্যাগের পর অর্থমন্ত্রী যখন ঋণচুক্তি পুনর্মূল্যায়নের জন্য বিশ্ব ব্যাংকের সঙ্গে আলোচনার চেষ্টা করছেন। তখন লন্ডনে আমাদের প্রধানমন্ত্রী বিশ্ব ব্যাংক ‘কমিশন খায়’ ও ‘দুর্নীতি করে’ ইত্যাদি নানা ধরনের বক্তব্য রাখছেন।
“এসব কর্মকাণ্ড থেকে মনে হচ্ছে, প্রধানমন্ত্রী নিজেই অর্থমন্ত্রীর প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছেন।”
দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক ২৯০ কোটি ডলারের পদ্মা প্রকল্পে তাদের ১২০ কোটি ডলার ঋণ বাতিলের পর সরকার দেশীয় অর্থায়নে দেশের বৃহত্তম এই অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের ঘোষণা দিয়েছে।
এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংককে আক্রমণ করে বক্তব্য রাখলেও সংস্থাটির সঙ্গে বিভিন্ন মাধ্যমে আলোচনা চালিয়ে যাওয়া অর্থমন্ত্রী আশা করছেন, সিদ্ধান্ত পুনর্বিবেচনা হতে পারে।
মওদুদ বলেন, “সরকারের দুই ব্যক্তির (প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী) এরকম সমন্বয়হীনতার কারণে পদ্মা সেতু আদৌ তারা চান কিনা, তা নিয়ে সন্দেহ সৃষ্টি হয়েছে।”
পদ্মা প্রকল্পে দুর্নীতিতে অভিযুক্ত হয়ে এসএনসি লাভালিনের দুই কর্মকর্তার কারাগারে থাকার তথ্যটি তুলে ধরার পাশাপাশি তিনি বলেন, “আমরা মনে করি, কেবল সৈয়দ আবুল হোসেনই নয়, পুরো সরকারই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে।”
“আবুল হোসনকে দেশপ্রেমিক আখ্যায়িত করে প্রধানমন্ত্রী দুর্নীতিবাজদের পক্ষে অবস্থান নিয়ে দেশের মানুষকেও কলঙ্কিত করেছেন,” মন্তব্য মওদুদের।
পদ্মা দুর্নীতিতে প্রধানমন্ত্রীর পরিবারও জড়িত- খালেদা জিয়ার এই অভিযোগ পুনরুল্লেখ করে বিএনপি নেতা বলেন, “শুনেছি প্রধানমন্ত্রীর পরিবারের এক সদস্যের কানাডিয়ান পাসপোর্ট বাতিল করে দিয়েছে সে দেশের সরকার। আরো শুনলাম, পদ্মা সেতুর দুর্নীতির কারণে প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরা বিদেশে থাকা নিরাপদ মনে করছেন না বলে তারা দেশে চলে এসেছেন।”
বিরোধীদলীয় নেতার অভিযোগ প্রত্যাখ্যান করে শেখ হাসিনা ইতোমধ্যে সংসদে তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বর ও ইমেইল ঠিকানা দিয়ে বলেছেন, তার পরিবারের কারো বিরুদ্ধে যদি কারো কাছে কোনো তথ্য থাকেও তা তাতে জানানো যাবে।
প্রেসক্লাবে মওদুদ যে সভায় বক্তব্য রাখেন, তা আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। সংগঠনের সভাপতি এম এম মেহবুব রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওসমান ফারুক, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৭৪৬ ঘ.
bdnews24