সুমন মাহবুব
লন্ডন, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবার সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
উইলিয়াম হেগ শনিবার দুপুরে সেন্ট প্যানক্রাস রেনেসাঁয় শেখ হাসিনার সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাত করেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
আজাদ জানান, সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।
বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০৫ সালে বাংলাদেশে সিরিজ বোমা বিস্ফোরণ এবং সিলেটে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনাগুলো উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে এখন আর সেরকম অবস্থা নেই। তার সরকার শক্ত হাতে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করেছে।
সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাজ্যের সহযোগিতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে সবার সহযোগিতার প্রয়োজন রয়েছে।”
তিনি বলেন, তার সরকার মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীন নির্বাচন কমিশন, সুশাসন ও আইনের শাসনে বিশ্বাস করে।
বিরোধীদল সংসদের অধিবেশনে যোগ না দিলেও বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তাদের অংশগ্রহণের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এ বিষয়ে প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে, সংসদীয় স্থায়ী কমিটিগুলোতে বিরোধীদলের সাংসদরা রয়েছেন এবং কয়েকটি কমিটির চেয়ারম্যানও বিরোধীদলের সদস্যরা।
নবম জাতীয় সংসদে এ পর্যন্ত বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার মাত্র আটদিন উপস্থিতি এবং এর মধ্যে ছয়দিনই তার বক্তব্য দেওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা শেষ যেদিন সংসদ অধিবেশনে উপস্থিত হন, সেদিন তিনি এক ঘন্টা ৫৭ মিনিট বক্তব্য দিয়েছিলেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গনে শেখ হাসিনার পদক্ষেপের প্রশংসা করেন উইলিয়াম হেগ।
মংলা বন্দরের উন্নয়নে ব্রিটিশ সরকারের সহায়তার প্রস্তাব সরকারের সক্রিয় বিবেচনাধীন আছে বলে জানান শেখ হাসিনা।
বাংলাদেশের ওষুধ শিল্প, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং উচ্চ শিক্ষায় ব্রিটিশ বিনিয়োগের আহ্বানও জানান প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন- পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, যুক্তরাজ্যে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম সাইদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
পরে, সর্ব ইউরোপীয় আওয়ামী লীগ এবং সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দ শেখ হাসিনার সঙ্গে তার হোটেল কক্ষে সাক্ষাত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২০৫৩ ঘ.
bdnews24