২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আস্থা’ রাখতে বললেন সাহারা

সাগর সরওয়ার ও মেহেরুন রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ‘আস্থা’ রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2012, 08:52 AM

Updated : 24 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগর সরওয়ার ও মেহেরুন রুনিসহ সব সাংবাদিক হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্তের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ‘আস্থা’ রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “সরকার ইতোমধ্যে সব সাংবাদিক হত্যাকাণ্ডের তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী অত্যন্ত আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করছে। আপনারা তাদের প্রতি আস্থা রাখুন।” সাগর- রুনির হত্যাকারীদের ‘অবশ্যই’ খুঁজে বের করা হবে বলেও আশ্বাস দেন মন্ত্রী। গত ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারে নিজেদের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের প্রায় ছয়মাসেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। জাতীয় তরুণ প্রজন্ম আয়োজিত ‘উন্নয়নের প্রধান সোপান আইন শৃঙ্খলার বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমান সরকারের মেয়াদে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি গত সাড়ে তিন বছরে দেখেছি, তারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন।” তরুণ প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সাহারা খাতুন বলেন, “একটি মহল বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করছে। যুদ্ধাপরাধীর বিচার বাধাগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন নাশকতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। তরুণ প্রজন্মকে আহ্বান জানাই- প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হোন।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম ওয়াহিদুজ্জামান বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যদের মধ্যে পুলিশের অতিরিক্ত আইজি শহীদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/আরএ/জেকে/১৪৪৫ ঘ.