ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
সোমবার এক শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, “ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের জনগণ, আমার নিজের ও দলের পক্ষ থেকে আপনাকে অত্যন্ত আনন্দের সঙ্গে উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাই। একজন বাংলাভাষী ব্যক্তির ভারতের সর্বোচ্চ পদে আসীন হওয়াটা সত্যি গৌরবের ব্যাপার।”
ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে রোববার বিপুল ভোটে জয়ী হন কংগ্রেস নেতা প্রণব মুখোপাধ্যায়। দেশটির ত্রয়োদশ এবং প্রথম বাঙালি রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রতিভা পাতিলের স্থলাভিষিক্ত হবেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেন, “আপনার (প্রণব) নেতৃত্বে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরো জোরদার হবে বলে আমি বিশ্বাস করি।”
শুভেচ্ছা বার্তায় বিরোধীদলীয় নেতা ভারতের নতুন রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৮৫৬ ঘ.
bdnews24