২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ ভেঙে জাতীয় নির্বাচনে দাবি মওদুদের

একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করার নজির পৃথিবীর কোথাও নেই উল্লেখ করে সংবিধানের এই অসংহতি দূর করতে সংশোধনী আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 10:36 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একটি সংসদ বহাল রেখে আরেকটি সংসদ নির্বাচন অনুষ্ঠান করার নজির পৃথিবীর কোথাও নেই উল্লেখ করে সংবিধানের এই অসংহতি দূর করতে সংশোধনী আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আগামী নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মওদুদ আহমদ বলেন, “বর্তমান সংসদকে বহাল রেখে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা স্বপদে অধিষ্ঠিত থেকে সংসদ নির্বাচন হতে পারে না। এরকম নজির বিশ্বের কোনো দেশে নেই।” সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় নির্বাচনের দাবি করেন তিনি। “পঞ্চদশ সংশোধনীতে ১২৩ (৩) অনুচ্ছেদে সংসদ বহাল রেখে নির্বাচনের কথা বলা আছে। একটি সংসদ জীবিত থাকা অবস্থায় সংসদ নির্বাচন হয় কিভাবে। অবশ্যই সরকারকে এ অনুচ্ছেদে পরিবর্তন আনতে হবে।” বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র চত্বরে কৃষকলীগের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “পৃথিবীর বিভিন্ন দেশে, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা আছে, সংসদীয় গণতন্ত্র যেখানে আছে, সেখানে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবেই নির্বাচন হবে।” সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ বলেন, “প্রধানমন্ত্রী যতই বলুন, দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা বলতে চাই- নির্দলীয় সরকার ছাড়া এদেশে আর কখনওই দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না।” জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবিধানিক অধিকার ফোরামের উদ্যোগে ‘আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ উন্নয়নের পূর্বশর্ত’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এতে মূল প্রবন্ধ পাঠ করে সাবেক ছাত্র নেতা ও সংগঠনের সদস্য সচিব সুরঞ্জন ঘোষ। ‘পদ্মা সেতু নিয়ে চাঁদাবাজি হচ্ছে’ মওদুদ বলেন, “প্রধানমন্ত্রী গতকাল বলেছেন, বিএনপি কোনো সেতু নির্মাণ করেনি। এটা প্রধানমন্ত্রীর অসত্য বক্তব্য। আমরা ভৈরব সেতু, রূপসা সেতু, রূপগঞ্জের কাঞ্চন সেতু, গাজীপুরে তাজউদ্দিন সড়ক সেতু, কর্ণফুলী সেতু, শীতলক্ষা সেতু, তিস্তা সেতু, সিলেটের শাহজালাল ও শাহ পরান সেতু, বরিশালের ধবধবিয়া সেতু, বান সিনা সেতু ইত্যাদি অনেক সেতু বিএনপির শাসনামলে বিশ্বব্যাংকসহ দাতাদের ঋণে নির্মিত হয়েছে।” যমুনা সেতুর ৮৫ ভাগ নির্মাণ কাজ বিএনপির শাসনামলে শেষ হরেছে। কেবল আওয়ামী লীগ ক্ষমতায় এসে ফিতা কেটে নাম পরিবর্তন করেছে মাত্র।’’ পদ্মাসেতুর প্রাথমিক কাজ বিএনপি শুরু করে এসেছিল উল্লেখ করেন তিনি বলেন, এই সরকার সাড়ে বছরে নির্মাণ কাজ শুরুই করতে পারেনি। তাদের দুর্নীতির কারণে বিশ্বব্যাংক সেতুর ঋণ চুক্তি বাতিল করে দিয়েছে”, যোগ করেন তিনি। বিশ্বব্যাংকের অর্থায়নে পদ্মাসেতু নির্মাণে উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, “নিজস্ব অর্থায়নের কথা বলে সরকার সারাদেশে চাঁদা তোলার লাইসেন্স দিয়ে দিয়েছে। ব্যাংকে দুইটি হিসাব খোলার ঘোষণা দিয়েছে তারা। এভাবে চাঁদা তোলা কিংবা ব্যাংকে হিসাব খোলার কোনো আইনগত ভিত্তি নেই। এটা সম্পূর্ণ অবৈধ। সরকার বেআইনিভাবে চাঁদা তোলার উদ্যোগ নিয়েছে।” আলোচনা সভায় হুমায়ূন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক মিনিট দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সংসগঠনের প্রধান উপদেষ্টা সাবেক সচিব মারগুব মোর্শেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বিএনপির সাবেক সাংসদ আবদুল গফুর ভূঁঁইয়া, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, গণেশ হাওলাদার প্রমুখ বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/১৬২৪ ঘ.