২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিপ্লবী কথায় মানুষকে ভোলানো যাবে না’

‘দুর্নীতি’ চাপা দিতেই সরকার এখন নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কথা বলছে বলে দাবি করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘দুর্নীতি’ চাপা দিতেই সরকার এখন দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ‘হজুগ’ তুলে চাঁদাবাজির পথ খুলে দিয়েছে বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বুধবার এক আলোচনা সভায় বলেছেন, “যত কথাই বলুক, সেতুর দুর্নীতি ও পরবর্তীতে চাঁদা তোলার দায়-দায়িত্ব সরকার কোনোভাবেই এড়াতে পারবে না।” পদ্মা সেতুতে দুর্নীতির বিষয়ে বিশ্ব ব্যাংকের বক্তব্য কার্যত সমর্থন করে ফখরুল বলেন, “একজন মন্ত্রীকে বাঁচাতে সরকার দেশের ওপর কলঙ্ক লেপন করেছে। এখন সেই দুর্নীতিকে ঢাকতে বিপ্লবী নেতার সুরে প্রধানমন্ত্রী বলছেন, ‘আমরা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করিনি, করব না’। “আমাদের জিজ্ঞাসা, চোর ও দুর্নীতিবাজকে ধরতে হবে বলে আপনি মাথা নত করবেন না। মনে করেছেন, এসব বিপ্লবী কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে? দেশের মানুষ এত বোকা নয়।” দুর্নীতির বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে জানিয়ে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে ঋণ বাতিল করেছে। তবে সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগ বরাবরই অস্বীকার করা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বিশ্ব ব্যাংক গতকাল বিবৃতিতে বলেছে, ১০ মাস আগে এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে ব্যবস্থা নিতে বলা হয়েছিল। কিন্তু সরকার কোনো কিছুই করেনি। “সর্বশেষ প্রতিষ্ঠানটির ইনটিগ্রিটি ডিপার্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট ঢাকায় এসে সরকার প্রধানসহ সবার সঙ্গে আলোচনা করে বলেছিলেন, দয়া করে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কিন্তু সাবেক যোগাযোগমন্ত্রী, সচিব ও প্রকল্প পরিচালকসহ দুইজন নিকটতম ব্যক্তিকে রক্ষায় স্বার্থে সরকার কোনো ব্যবস্থা নেয়নি।” বিশ্ব ব্যাংকের অর্থায়ন বাতিলের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের ঘোষণা দেন। এতে সাধারণ জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে সরকার। তবে সরকারের এই ঘোষণা সারাদেশে চাঁদাবাজির পথ খুলে দিয়েছে দাবি করে এক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সংঘর্ষে একজন নিহত হওয়ার ঘটনাটি তুলে ধরেন ফখরুল। তিনি বলেন, “সারাদেশে পদ্মা সেতুর নামে চাঁদা তোলার হিড়িক পড়েছে। চাঁদার ভাগ-বাটোয়ারা নিয়ে ওই (রাজশাহী) বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র খুন হয়েছে। এখন অর্থমন্ত্রী বলছেন, যারা চাঁদাবাজি করছে, তাদের পিটানো উচিৎ।” জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন-জিসাস’র উদ্যোগে ‘ বাংলাদেশি জাতীয়তাবাদী সংস্কৃতি ও শহীদ জিয়া’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন ফখরুল। সভায় শিশু-কিশোরদের মধ্যে ‘নতুন তারার সাংস্কৃতিক পদক’ বিতরণও করেন তিনি। সরকারের সমালোচনা করে তিনি ফখরুল বলেন, “সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে জাতীয় সংসদকে একদলীয় সংসদে পরিণত করেছে। বিচার বিভাগ ও প্রশাসনে দলীয় লোকজনকে বসিয়েছে। তারা দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাচ্ছে।” “বিরোধী দলকে রাজনীতি থেকে দূরে রাখতে গুম-হত্যাসহ নেতা-কর্মীদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে,” বলেন তিনি। রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের দুর্ভোগে উদ্বেগ প্রকাশ করেন ফখরুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৫২ ঘ.