ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তকে ‘আত্মঘাতি’ আখ্যায়িত করে বিএনপি নেতা মওদুদ আহমদ বলেছেন, সরকার জনগণের টাকা লুটের ফাঁদ পেতেছে।
মঙ্গলবার বিকালে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মওদুদ বলেন, “নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের পরিকল্পনা সরকার একটি ভুল ও আত্মঘাতি সিদ্ধান্ত। এর মাধ্যমে তারা জনগণের পকেট থেকে টাকা লুট করার পথ খুলে দিয়েছে। সরকারকে বলব, অবিলম্বে এই কা-জ্ঞানহীন তামাসা বন্ধ করুন।”
পাশাপাশি চাঁদা না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জিয়া ব্রিগেডের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ অভিযোগ করেন, “এখন সারাদেশে চাঁদাবাজি শুরু হয়ে গেছে। বিমানবন্দরে যাত্রীদের কাছ থেকে ৫শ’ টাকার রশিদ বিহীন চাঁদা নেওয়া হচ্ছে। চাঁদা আদায় করতে গিয়ে রাজশাহীতে একজন খুন হয়েছেন।”
জনসাধারণের কাছ থেকে অর্থ সংগ্রহের কথা বলে ক্ষমতাসীন দলকে চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন হ এহছানুল হক মিলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল,সাবেক মহিলা সাংসদ হেলেন জেরিন খান, জিয়া ব্রিগেডের মহাসচিব আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে অপর এক আলোচনা সভায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজস্ব অর্থে পদ্মা সেতু নির্মাণের বিষয়ে প্রায় একই অভিযোগ করেন।
জাতীয়তাবাদী সমর্থিত শিল্পী-সাহিত্যিক-শিক্ষাবিদ-সাংবাদিক-নাগরিকদের সমন্বয়ে নবগঠিত ‘বাংলাদেশ মঞ্চ’ আলোচনা সভার আয়োজন করে।
সাংবাদিক এরশাদ মজুমদারের সভাপতিত্বে সংগঠনের প্রধান সমন্বয়ক আবু সালেহ, সাংবাদিক এলাহী নেওয়াজ খান সাজু, কামাল উদ্দিন সবুজ, অ্যাডভোকেট নাজমুল হক নান্নু, অধ্যাপক খলিলুর রহমান, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ এতে বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০৫১ ঘ.
bdnews24