২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আ. লীগ-বিএনপি কোকাকোলা-পেপসিকোলা’

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনা করে সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেছেন, এই দুই দলের মধ্যে তেমন কোনো মৌলিক পার্থক্য নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2012, 04:19 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপির সমালোচনা করে সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেছেন, এই দুই দলের মধ্যে তেমন কোনো মৌলিক পার্থক্য নেই। প্রেসক্লাবের সামনে এক সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল বলেন, “আওয়ামী লীগ আর বিএনপি দেশ শাসন করছে। তাদের মধ্যে পার্থক্য হচ্ছে, কোকাকোলা ও পেপসিকোলার মতো। দুটি পণ্যই যেমন আমেরিকান তেমনি এই দল দুটিও মেড ইন বড়লোক ও আমেরিকা। তারা হাত বদল করে ক্ষমতায় থাকছে।” “এরা ক্ষমতায় থাকার কারণে কৃষক ফসলের দাম পায় না। সার বীজের দাম বাড়ে। গার্মেন্ট শ্রামিকের বেতন তিন হাজার টাকা। দুই হাজার টাকা চলে যায় বাসা ভাড়ায়। বাসা ভাড়া নিয়ন্ত্রণে আইন আছে কিন্তু কার্যকর হয় না। তাদের বাঁচার সুযোগ দেননি- মরার সুযোগও দেননি। কারণ মরতে হলেও কাফনের কাপড়ের টাকা লাগে।” তিনি বলেন, “বড় লোকরা উচ্চ সুদে ঋণ নিয়ে বাসা বাড়ি বানায়। আর গরীব ভাড়াটিয়া তা শোধ করে। বসুন্ধরা-বারিধারায় আবাসন প্রকল্প গড়ে উঠছে। সব বড়লোকদের। ডিওএইচএস-১, ডিওএইচএস-২ করা হয় সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের জন্য। সৈনিকদের জন্য ব্যবস্থা নাই। পুলিশেও একই অবস্থা। একটা প্রকল্প হচ্ছে, সেখানেও সাধারণ পুলিশের স্থান নাই।” সমাবেশে কমিউনিস্ট পার্টির সভাপতি বলেন, “আমি বলছি, আপনারা জীবদ্দশায় বামদের সরকার দেখবেন। তখন আমরা বানাবো, বস্তিবাসী-১, বস্তিবাসী-২, গার্মেন্ট শ্রমিক-১, গার্মেন্ট শ্রমিক-২।” এ সময় সমাবেশে উপস্থিতদের মধ্যে তরুণদের প্রাধান্য থাকলেও পঞ্চাশের বেশি বয়সীরাও ছিলেন। মঞ্জুরুল আহসান খান বলেন, “ঢাকা শহর হয়ে গেছে প্রাইভেটকারের শহর। গরীবের রিক্সাকে এখানে চলতে দেওয়া হয় না। রেলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।” “আমাদের সামনে বাংলাদেশকে মুক্ত করার কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশকে আওয়ামী লীগ ও বিএনপির চক্র থেকে মুক্ত করার কঠিন চ্যালেঞ্জ।” সিপিবি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসব) আয়োজিত সমাবেশে অন্যদের মধ্যে বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/জিএনএ/২২১২ ঘ.