ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবাদ প্রকাশের জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যায়যায়দিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধির উপর হামলা করেছে ‘ছাত্রলীগকর্মীরা’।
শনিবার এ হামলায় আহত আইন ও মুসলিম বিধান বিভাগের ছাত্র আয়াজ আযাদকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলাকারীদের শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন।
ঘটনাটি তদন্তে আইন ও মুসলিম বিধান বিভাগের অধ্যাপক ড. সেলিম তোহাকে আহ্বায়ক করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটির অপর তিন সদস্য হলেন প্রক্টর মেহের আলী, সহকারী প্রক্টর আনিছুর রহমান ও আলতাফ হোসেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগ সমর্থক মেহেদী হাসান ও তরিকুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে বৃহস্পতিবার আইন ও মুসলিম বিধান বিভাগের শ্রেণিকক্ষে ঢুকে তারা দৈনিক যায়যায়দিন পত্রিকার ইবি প্রতিনিধি আয়াজ আযাদের উপর হামলা করেন।
পরে ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন।
এদিকে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আয়াজ আজাদ ক্লাসে যাওয়ার সময় আইন ও মুসলিম বিধান বিভাগের ছাত্র মেহেদী হাসান ও তরিকুল ইসলাম চাপাতি ও রামদা নিয়ে আযাদকে মারতে আসেন।
এ সময় আযাদ প্রক্টর অফিসের দিকে দৌড়ে গেলে মেহেদি তার দিকে রাম দা ছুঁড়ে মারেন। এতে আযাদ ঘাড়ে মারাতœকভাবে আঘাত পেয়েও রক্তাক্ত অবস্থায় প্রক্টরের অফিসে পৌঁছান।
তাকে প্রথমে ইবি চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
ইবির চিকিৎসা কেন্দ্রের ডা. পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার ঘাড়ে মারাত্মক আঘাত লেগেছে। উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।
এদিকে এ হামলার প্রতিবাদে ইবির সব সাংবাদিক মেহেদী ও তরিকুলের শাস্তি এবং তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছেন।
মিছিল শেষে তারা উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিনের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন আইন ও মুসলিম বিধান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম তোহা, প্রক্টর ড. মেহের আলী, সহকারী প্রক্টর আলতাফ হোসেন, আনিছুর রহমান প্রমুখ।
এ ব্যাপারে উপাচার্য বলেন, সাংবাদিকদের উপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনা তদন্তেম গঠিত কমিটিকে রোববারের মধ্যে প্রতিবেদন দিতেম বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিন এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, “আমি তাদের দু’জনকে সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকতে বলেছি। তারা আমার আদেশ অমান্য করে এ ঘটনা ঘটিয়েছে।
“তাদেরকে সংগঠন (ছাত্রলীগ) থেকে বহিষ্কার করা হয়েছে। তারা এখন ছাত্রলীগের কেউ নয়।”
এ ব্যাপারে ইবি প্রেসক্লাবের সাধরণ সম্পাদক কানন আজিজ বলেন, “আমাদের একজন সহকর্মীকে মারাতœকভাবে আহত করার ঘটনায় জড়িত ব্যক্তির শাস্তি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হলে ক্যাম্পাস অচল করে দেওয়া হবে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৭ ঘ.
bdnews24