ঝিনাইদহ, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা সদরে শনিবার আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ হয়েছে।
পুলিশের দাবি- তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। এছাড়া আওয়ামী লীগ ও বিএনপি নিজ নিজ দলের ৫/৬ জন করে আহত হয়েছেন বলে দাবি করছে।
আহত পুলিশ সদস্যদের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ হরিণাকুণ্ডু উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হোসেনকে আটক করেছে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদরে জেলা বিএনপি সভাপতি মসিউর রহমানের বাসভবনে বিএনপি’র একটি কর্মীসভা ছিল।
এদিকে আওয়ামী কর্মীদের মধ্যে প্রচারিত হয় বিএনপি কর্মীরা আওয়ামী লীগ নেতা মসিউর রহমানের উপ হামলা চালাতে আসছে।
পুলিশ কর্মকর্তা বলেন, দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগের একটি মিছিল মসিউর রহমানের বাসার দিকে এগিয়ে গেলে সংঘর্ষ বেধে যায়।
ইট-পাটকেলের আঘাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী, এএসঅই হুমায়ুন কবির, কনস্টেবল আলী আজম, জাকির হোসেন ও তারিক হাসান আহত হন।
জেলা বিএনপি সভাপতি মসিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরিণাকুণ্ডু দোকান মালিক সমিতির নির্বাচনে বিএনপি সমর্থকরা জয়ী হলে দলের সমর্থক আব্দুল কাদেরের বাসায় দুপুরে খাবারের আয়োজন করা হয়।
তিনি অভিযোগ করেন, আব্দুল কাদেরের বাসায় আওয়ামী লীগের লোকজন হামলা চালিয়ে খাবারদাবার নষ্ট করে।
এরপর হরিণাকুণ্ডু বিএনপি অফিসে দলীয় কর্মীদের সভা চলাকালে আওয়ামী লীগের লোকজন সেখানেও হামলা চালায়। এতে তাদের দলের ৫/৬ জন কর্মী আহত হন।
হরিণাকণ্ডু উপজেলা আওয়ামী লীগ সভাপতি মশিউর রহমান জোয়ার্দ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার মসিউর রহমান দোকান মালিক সমিতির নতুন কমিটির সম্বর্ধনা নিতে যান। এ উপলক্ষে সকাল থেকে বিএনপি’র লোকজন শহরে মহড়া দিতে থাকে।
তিনি বলেন, আওয়ামী লীগ কর্মীরা শহরে মিছিল বের করলে বিএনপি সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে তাদের ৫/৬ জন কর্মী আহত হন।
হরিণাকুণ্ড থানার ওসি আবুল খায়ের বিএনপি’র হরিণাকুণ্ডু উপজেলা সাধারণ সম্পাদক আবুল হোসেনকে আটক করার কথা স্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৪ ঘ.
bdnews24