২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুখরক্ষার জন্যই এতো কথা: ফখরুল

পদ্মাসেতুর দুর্নীতি ‘ধামাচাপা’ দিয়ে ‘মুখ রক্ষার’ জন্য সরকার নানা ধরনের কথা তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 10:46 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মাসেতুর দুর্নীতি ‘ধামাচাপা’ দিয়ে ‘মুখ রক্ষার’ জন্য সরকার নানা ধরনের কথা তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র। বুধবার প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোর পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, “সরকারের দুর্নীতির কারণেই পদ্মাসেতুর অর্থায়ন বাতিল করেছে বিশ্বব্যাংক। সরকার দিশেহারা হয়ে মুখরক্ষার জন্য নানা কথা-বার্তা বলছেন।” “সরকার একবার বলছে, বিশ্বব্যাংকের সঙ্গে আবার আলোচনা করবে। আবার ঘোষণা দিয়েছে নিজস্ব অর্থায়নে করবে। এর আগে বলেছেন, মালয়েশিয়ার অর্থায়নে সেতু হবে। তারা আসলে দিশেহারা হয়ে গেছে”, যোগ করেন ফখরুল। দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে দাবি করে গত ২৯ জুন ১২০ কোটি ডলারের এই ঋণচুক্তি বাতিল করে বিশ্ব ব্যাংক। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন, নিজস্ব অর্থায়নেই যতো দ্রুত সম্ভব পদ্মা সেতু নির্মাণ করা হবে। এর সমালোচনা করে তিনি বলেন, “দেশের বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা বলেছেন, যে পদ্ধতিতে অর্থ সংগ্রহ করে সেতু নির্মাণের কথা বলা হচ্ছে, তা সম্ভব নয়। এটা সঠিক ও বাস্তবসম্মতও নয়।” পদ্মসেতু প্রকল্পে দুর্নীতির সঙ্গে সরকার জড়িত নয়- তা প্রমাণের জন্য সরকারকে লেখা বিশ্বব্যাংকের চিঠিগুলো প্রকাশের জন্য আবারো দাবি জানান এই বিএনপি নেতা। ফখরুল বলেন, “সরকার যদি ওইসব চিঠি জনসম্মুখে প্রকাশ না করে আমরা যতটুকু তথ্য পাব, তাই প্রকাশ করব।” জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সদ্য কারামুক্ত কয়েকজন নেতাকে নিয়ে শেরেবাংলা নগরের জিয়ার কবরে ফুল দিতে যান মির্জা ফখরুল। কারামুক্ত নেতাদের মধ্যে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, কেন্দ্রীয় নেতা ইয়াসীন আলী, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকন এ সময় তার সঙ্গে ছিলেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মহানগর সদস্য আবদুস সালামসহ কয়েক নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ পদ্মা সেতু নির্মাণ করতে পারবে না। বিএনপি ‘জনগণের ভোটে নির্বাচিত হয়ে’ ক্ষমতায় গেলে এ প্রকল্পকে অগ্রাধিকার দেবে। “আমাদের নেত্রী খালেদা জিয়া ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, ক্ষমতায় গেলে দুটি পদ্মাসেতু হবে। বিশ্বব্যাংক ও দাতাসংস্থার কাছ থেকে সহজ সুদের ঋণে এই সেতু নির্মাণের ব্যবস্থা হবে”, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৬৪০ ঘ.