ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার বন্যা হলে গুদামে থাকা খাদ্যশস্য যেন নষ্ট না হয়, সে জন্য আগাম পদক্ষেপ নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার ঢাকায় শুরু হওয়া তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই নির্দেশের পাশাপাশি জেলার উন্নয়নে বেশ কিছু নির্দেশনাও দেন।
প্রধানমন্ত্রী জেলা প্রশাসকদের জনকল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি জেলার যে কোনো সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজে অংশ নেবেন বলেও জানিয়ে দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান তার এলাকায় গুদামে চাল নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে জানালে তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শেখ হাসিনা।
আব্দুল মান্নান বলেন, তার এলাকার গুদামগুলোতে ৭৪ হাজার ২০০ মেট্রিক টন চাল রয়েছে, যা অল্প কিছুদিনের মধ্যেই খাওয়ার অনুপযোগী হয়ে পড়বে।
ওই চাল কাজের বিনিময় খাদ্য বা টেস্ট রিলিফের মতো প্রকল্পে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আমি এবার অবাক হয়ে গেছি। আমি কী বলব, আমি শকড্। চট্টগ্রামে সিএসডি’র গুদাম মাত্র এক টাকায় ইপিজেডকে দিয়ে দেওয়া হয়েছিল। আমরা এবার ক্ষমতায় এসে ৪ কোটি টাকা খরচ করে বিনিয়োগকারীদের অন্য জায়গায় ব্যবস্থা করে দেই।”
বর্ষা মৌসুমের শুরুতেই কয়েকটি জেলায় বন্যা দেখা দেওয়ায় প্রেক্ষাপটে শেখ হাসিনা বলেন, “বন্যা এলে কোনো গুদামে যেন পানি ঢুকতে না পারে, সেজন্য আগাম ব্যবস্থা করতে হবে। আবার, এটা করতে গিয়ে গুদামের গেট যাতে বন্ধ হয়ে না যায়, সে দিকেও খেয়াল রাখতে হবে।”
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে উৎপাদিত ফসল দীর্ঘ দিন ধরে রাখার পরিকল্পনা সরকার করছে বলে জানান তিনি।
উত্তরাঞ্চলে উৎপাদনে বেশি খরচ হওয়ায় দক্ষিণাঞ্চলে বোরো ধান আবাদের ওপর গুরুত্ব দেন শেখ হাসিনা। পাশাপাশি উত্তরাঞ্চলে ধানের পাশাপাশি গম, ভুট্টা বা তেল বীজ ফলানোর পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী মরা খালগুলো চাষাবাদের জন্য ইজারা না দেওয়া, যত্রতত্র রাস্তা তৈরি না করার দিকে নজর রাখতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন।
জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার উন্নয়ন পরিকল্পনার দিকে খেয়াল রেখেই কাজ করার পরামর্শ দেন শেখ হাসিনা। জেলা-উপজেলায় মাস্টার প্ল্যান তৈরি করে সে অনুযায়ী আবাসন ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন তিনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে বিশেষ দৃষ্টি রাখতেও বলেন তিনি।
জনগণের স্বার্থে কাজ করার জন্য জেলা প্রশাসকদের প্রতি আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “আমি প্রধানমন্ত্রী, আপনারা সরকারি কর্মকর্তা, যে সুযোগ ভোগ করছি, গাড়ি-বাড়ি, টাকা-পয়সা, তা জনগণের কাছ থেকেই আসছে। আপনাদের সে কথা মনে রাখতে হবে। সব সময় মনে রাখতে হবে- জনগণকে কতটুকু দিতে পারলাম।”
গত বছরের জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের হারে সন্তোষ প্রকাশ করেন তিনি। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, গত বছর জেলা প্রশাসক সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলোর ৮১ শতাংশ বাস্তবায়িত হয়েছে।
গ্রামের উন্নয়নকে সরকার অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে জেলা প্রশাসকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “গ্রামের মানুষের কাছে সব সুযোগ-সুবিধা যেন পৌঁছে যায়, তা আপনাদের নিশ্চিত করতে হবে।
গ্রাম ছেড়ে শহরমুখী হওয়ার প্রবণতা রোধ করতে জেলা ও উপজেলাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টির জন্য জেলা প্রশাসকদের তাগিদ দেন তিনি।
ভূমি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, “অনেক সময় দেখা যাচ্ছে- ভূমি ভোগকারীরাই রেকর্ডে অন্তর্ভুক্ত হয়, প্রকৃত অংশীদারদের নাম রেকর্ডে থাকে না। যার যতটুকু মালিকানা, তার নাম যেন রেকর্ডে থাকে, তা আপনাদের নিশ্চিত করতে হবে।”
দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা ব্যাখ্যা করে শেখ হাসিনা বলেন, “এর থেকে দ্রুত আর বিদ্যুৎ উৎপাদন করা যেত না। যে যা সমালোচনা করুক, দেশের উন্নয়নে যা করার আমরা তা করে যাব।”
তিনি জেলা প্রশাসকদের উদ্দেশে বলেন, “এখন তথ্য প্রযুক্তির যুগ। আমি হঠাৎ করে আপনাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করবো। দেখব, মিটিংগুলোতে আপনারা কী করেন।”
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অপতৎপরতা রোধে জেলা প্রশাসকদের আরো সজাগ থাকার আহবান জানান। গ্রামাঞ্চলে সৌর বিদ্যুতের ব্যবহারে আরো উৎসাহ সৃষ্টি করার পরামর্শও দেন তিনি।
রোজার মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনার আহবানও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
অনুষ্ঠানের শুরুতেই মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এই সম্মেলন মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উজ্জ্বীবিত করবে।
গত বছরের জেলা প্রশাসকদের সম্মেলনে নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের হার তুলে ধরে তিনি জানান, এবার ৪৭০টি প্রস্তাব অন্তর্ভুক্ত হয়েছে।
এই সম্মেলনে মাঠ পর্যায়ের কর্মকর্তারা তাদের সমস্যার কথাও তুলে ধরতে পারবেন বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকদের পক্ষ থেকে প্রথমে বক্তব্য রাখেন নওগাঁর জেলা প্রশাসক নাজমান আরা খান। যৌন হয়রানি ও উত্ত্যক্ততা রোধে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রাখার কথা বলেন তিনি।
ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হক ভূমি বিরোধ মেটাতে এই বিষয়টি শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির পরামর্শ দেন।
জনসংখ্যার আধিক্যের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে উন্নয়ন পরিকল্পনা বাধাগ্রস্ত হবে।
দিনাজপুরের জেলা প্রশাসক জামালউদ্দিন আহমেদও উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী, তার জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এবং বিভাগীয় কমিশনাররা অনুষ্ঠান মঞ্চে ছিলেন। অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন।
উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে শেখ হাসিনা জেলা প্রশাসকদের সঙ্গে চা চক্রে অংশ নেন। সেখানে মধ্যাহ্ন ভোজ সেরে জেলা প্রশাসকরা চলে যান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে। সেখানে শুরু হয় মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক কার্যঅধিবেশন।
সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার দুপুরে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে দেখা করতে বঙ্গভবনে যাবেন। এ সময় তিনিও জেলা প্রশাসকদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন। সেখানে মধ্যাহ্নভোজে যোগ দেবেন জেলা প্রশাসকরা।
তিন দিনে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা আরো ১৯টি অধিবেশনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেবেন।
যেসব বিষয় নিয়ে আলোচনা হবে তার মধ্যে রয়েছে- ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, স্থানীয় পর্যায়ে কর্ম-সৃজন, দারিদ্র্য বিমোচন কর্মসূচি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার, প্রবাসী পরিবারের সদস্যদের সেবা, ক্ষুদ্র শিল্প উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনা, সার ও কৃষি উপকরণ বিতরণ ও স্বাস্থ্য সেবা খাত।
প্রতিদিনই বিকেল সোয়া ৫টা এবং রাতে সব অধিবেশন শেষে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা সম্মেলনের অগ্রগতি গণমাধ্যমকে জানাবেন।
গত বছর জেলা প্রশাসক সম্মেলনে যে ৫২৩টি সিদ্ধান্ত হয়েছিল, তার মধ্যে ৪২৭টি বাস্তবায়িত হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৭১৩ ঘ.
bdnews24