ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন কোনো আশ্বাস না দিয়ে যথা সময়ে ট্রেন ছাড়া ও গন্তব্যে পৌঁছানোর ওপর জোর দিচ্ছেন রেলের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার রেল ভবনে তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানীকারকদের সংগঠন বিজিএমইএ’র প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে রেলের পরিস্থিতি নিয়ে কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “৯ টার ট্রেন ৯ টাতেই ছাড়–ক-এটাই আমার টার্গেট। সময় মতো ট্রেন ছাড়বে, পৌঁছাবেও সময় মতো। স্টেশন ও ট্রেনের টয়লেট পরিষ্কার থাকবে।”
ওবায়দুল কাদের বলেন, “সব কিছু নিয়েই কথা বলেছি। নতুন করে আর কিছু বলতে চাই না। যেসব প্রতিশ্রুতি দিয়েছি এখন সেগুলো বাস্তবায়ন করতে চাই।”
এ সময় পদ্মা সেতু প্রকল্প বিষয়ে জানতে চাইলে প্রথমে কোনো কথা না বললেও সাংবাদিকদের একাধিক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী কাদের বলেন, “প্রধানমন্ত্রী যা বলেছেন সেটাই আমার কথা।”
বৈঠক শেষে বিজিএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, “আশুলিয়া-বাইপাইল সড়ক চার লেনে উন্নীতকরণ, সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণ এবং রাস্তার দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা চালুর বিষয়ে মন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি এগুলো বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।”
নাসির উদ্দিন বলেন, বর্তমানে ঢাকা-চট্টগ্রাম রেল লাইন আখাউড়া ঘুরে চট্টগ্রাম যাওয়ায় এই লাইনের দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার। কিন্তু নারায়ণগঞ্জ থেকে লাকসাম পর্যন্ত একটি কর্ড লাইন স্থাপন করলে ঢাক-চট্টগ্রামের দূরত্ব ৮০ কিলোমিটার কমে যাবে এবং দুই ঘণ্টা সময় সাশ্রয় হবে। এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
এছাড়া চট্টগ্রামের বিজিএমইএ ভবনের ষষ্ট তলা বিজিএমইএ’র আওতাধীন বিইউএফটিকে ভাড়া দেওয়া, ঢাকা-চট্টগ্রামগামী তুর্ণা নীশিতা এক্সপ্রেস ট্রেনে বিজিএমইএ’র কোটা বাড়ানো এবং সুবর্ণ এক্সপ্রেসে বিজিএমইএ’র কোটা বরাদ্দের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি।
মন্ত্রী এসব বিষয় সমাধানের আশ্বাস দিয়েছেন জানিয়ে নাসির উদ্দিন বলেন, “কয়েকটি বিষয় সমাধানের জন্য ফোনে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন মন্ত্রী।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২০৫৯ ঘ.
bdnews24