ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপদেষ্টা মনোনীত করায় খালেদা জিয়াকে ফুল দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম মনজুর আলম।
রোববার জিয়াউর রহমানের কবের ফুল দিয়ে রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান মনজুর। সেখানে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন তিনি।
উপদেষ্টা নিয়োগ দেওয়ায় দলীয় প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে ফুলেল শুভেচ্ছা জানান মনজুর।
ওই সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম মোরশেদ খান, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী উপস্থিত ছিলেন।
গত ৪ জুলাই খালেদা জিয়া দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে মনজুর আলমকে তার উপদেষ্টা পরিষদের সদস্য নিযুক্ত করেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর মনজুর এক সময় আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর কাছের লোক হিসেবে পরিচিত ছিলেন।
গত সিটি করপোরেশন নির্বাচনের আগে মনজুর আলম বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করে তার নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন। ওই সময় নির্বাচনে চার দলীয় জোট তাকে সমর্থনও দেয়।
২০১০ সালে অনুষ্ঠিত নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন মনজুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/২২২৯ ঘ.