Published : 12 Jun 2026, 08:41 PM
ব্যাংক খাতের ‘নাজুক পরিস্থিতি’, জ্বালানি ও বিদ্যুৎ খাতের সংকট এবং কর্মসংস্থান–এই তিন সমস্যা থেকে উত্তরণের কোনো নির্দেশনা নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ বলেন, “প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট করেছে। রাজস্ব লক্ষ্যমাত্রা করেছে ৬ লাখ ৯০ হাজার কোটি টাকা। এটি আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এত রাজস্ব বাংলাদেশের ইতিহাসে কখনোই আদায় করা সম্ভব হয়নি।
“বর্তমান যে প্রশাসন, যে কর কাঠামো রয়েছে এরমধ্যে এটা সম্ভব না। গত বাজেটে তিন লাখের (কোটি) কিছু বেশি রাজস্ব আদায় হয়েছে। ফলে এক বছরের মাথায় দ্বিগুণ রাজস্ব তারা আদায় করতে পারবে, এটা আসলে সম্ভব নয়।”
এ সময় নাহিদের সঙ্গে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতাকর্মীরা ছিলেন। এর আগে নগরীর ষোলশহরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন দায়েম নাজির জামেয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদে জুমার নামাজ পড়েন এনসিপি নেতারা।
নতুন বাজেটকে ‘উচ্চাভিলাষী’ আখ্যা দিয়ে নাহিদ ইসলাম বলেন, “এই বাজেটের মাধ্যমে অর্থনৈতিক যে মৌলিক সংস্কার আমরা আশা করেছিলাম সেটা সম্ভব হবে না। বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা দেখিয়েছে। কিছু পণ্যের কর কমিয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় বরাদ্দ বৃদ্ধি করেছে। এগুলো ইতিবাচক হলেও এই বাজেট বাস্তবায়নযোগ্য হবে না বলে আমরা মনে করছি।”
সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম যেভাবে বেড়েছে একে ‘নজিরবিহীন’ বর্ণনা করে এনসিপি নেতা বলছেন, এত কম সময়ে একসঙ্গে এত পরিমাণ বিদ্যুতের দাম বৃদ্ধি পায়নি এর আগে।
তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বাজেট কীভাবে দুর্নীতি বন্ধ করবে? বড় বাজেট মানে সেখানে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, সেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না। তারা সেটা কিভাবে করছে?
“অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা-স্বচ্ছতা নাই। অর্থমন্ত্রীর পুরা বক্তব্যে আপনারা পাবেন না যে, কীভাবে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নেবে। আওয়ামী আমলের লুটেরা গোষ্ঠীর টাকা কীভাবে তারা আদায় করবে। তাদের বিচার কীভাবে নিশ্চিত করবে। পাচারকৃত টাকা তারা কীভাবে আনবে?”
সীমান্ত পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “পুরো দক্ষিণ এশিয়াতে একটা অশান্ত পরিস্থিতি সৃষ্টি করছে ভারত। আমরা সীমান্তের মানুষকে আহ্বান জানাই, মানব প্রাচীর তৈরি করুন। ঐক্যবদ্ধভাবে বিজিবির সঙ্গে থাকুন। পুরো বাংলাদেশ আপনাদের সঙ্গে আছে।”
সম্প্রতি আওয়ামী লীগের মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে জানতে চাইলে পাটওয়ারী এর জন্য সরকারকে দায়ী করেন। আওয়ামী লীগের ক্ষেত্রে ‘সরকার নমনীয়’ দাবি করে তিনি বলেন, “আশা করি সরকার সুষ্ঠু পদক্ষেপ নেবে। দৃষ্টান্তমূলক শাস্তি তাদের যাতে বাংলাদেশে হয়। এনসিপি সর্বদা আওয়ামী লীগের বিচার চায়। এই বাংলার মাটিতে আমরা তাদের বিচার করিয়ে ছাড়ব ইনশাল্লাহ।”