Published : 14 Jun 2026, 04:33 AM
স্পেনের নোবেলজয়ী কবি হুয়ান রামোন হিমেনেস-এর সাথে আর্জেন্টিনার কথাসাহিত্যিক ও কবি হোর্হে লুইস বোর্হেসের প্রথম সাক্ষাৎ হয়েছিল যখন বোর্হেস-পরিবার ১৯১৯ সাল থেকে ১৯২২ সাল স্পেনে অবস্থান করছিলো। বোর্হেস তখন স্পেনের বিভিন্ন পত্রপত্রিকায় লিখছিলেন। স্পেনের বহুভাষী পণ্ডিত ও লেখক-অনুবাদক রাফায়েল কান্সিনোস আসসেন্স-এর নেতৃত্বে Ultraismo নামে যে সাহিত্যিক আন্দোলন ঘটেছিল, বোর্হেস ছিলেন সেই আন্দোলনের একজন সদস্য। হুয়ান রামোন হিমেনেসের সাথে বোর্হেসের গোটা পরিবারের এক অন্তরঙ্গ সম্পর্ক ছিল। বোর্হেসের লেখার প্রতি হুয়ান রামোনের কৌতূহল শুরু হয়েছিল তখন থেকেই। ১৯৪৯ সালে হুয়ান রামোন এই চিঠি যখন লিখছিলেন সেই বছর প্রকাশিত হয় স্প্যানিশ কথাসাহিত্যে বাঁকবদলকারী বোর্হেসের El Aleph নামক গল্পগ্রন্থ। আজ ১৪ জুন বোর্হেসের মৃত্যুদিবস। এই উপলক্ষ্যে বোর্হেসকে লেখা হুয়ান রামোনের এই চিঠির বাংলা তর্জমা প্রথমবারের মতো প্রকাশিত হলো। চিঠিটি বাংলায় তর্জমা করেছেন কবি ও অনুবাদক লায়লা ফারজানা। বি.স.
হোর্হে লুইস বোর্হেসের প্রতি
বুয়েনোস আইরেস
অনেক দিন ধরেই আপনাকে বলতে চাচ্ছিলাম, প্রিয় হোর্হে লুইস বোর্হেস—(একান্তই নিজের আনন্দের জন্য)—আপনার সমগ্র রচনা জুড়ে বছরের পর বছর ধরে আপনি যে কাব্যিক ও সাহিত্যিক উৎকর্ষ সযত্নে এবং বিচক্ষণতার সঙ্গে সঞ্চয় করে চলেছেন, তা আমাকে কত গভীরভাবে মুগ্ধ ও বিস্মিত করে।
প্রথমেই, আপনার অন্তর্ভেদী কবিতা; আপনার সুনির্দিষ্ট শব্দচয়ন— আভাসে ধরা-পড়া বিষয়গুলোকেও আরও স্পষ্ট করে তোলে এবং সবচেয়ে দুরূহ ও প্রায়-অবর্ণনীয় বস্তু কিংবা ঘটনাকেও এক আশ্চর্য সুরেলা ও প্রাণবন্ত রূপময়তা দান করে। আপনার প্রকাশভঙ্গির মুগ্ধকর নির্ভুল বৈশিষ্ট্য; যে বিষয়গুলো আপনার অস্তিত্ব ও সত্তার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত, সেগুলোর উপস্থাপনে আপনার অসামান্য স্বচ্ছতা; আর বিরল অন্তর্দৃষ্টি— আবিষ্কার ও মিলনের এক অনন্য ক্ষমতা প্রদান করে।
তারপর আসে আপনার সমালোচনামূলক চিন্তার বিচরণ, যার দৃঢ়তা এতটাই সন্দেহাতীত যে তা কখনো কখনো বিভ্রান্ত করলেও, সর্বদাই এক নির্ভরযোগ্য গুপ্তধনের মতো মূল্য ও গুরুত্ব বহন করে। এরপর আপনার কল্পনাময়, বৌদ্ধিক এবং রহস্যময় গল্পসমূহ, যা আমাদের অভিভূত করে আপনার সুসংহত অথচ বিস্ময়কর কল্পনার কেন্দ্রস্থলে পৌঁছে দেয়।

আলোকচিত্র: বাবা মা ও বোনের সাথে বোর্হেস ১৯১৫ সালে
আপনি আপনার নিজস্ব শৈলীতে পৌঁছেছেন—আমি বলতে চাই, ঠিক সেই শৈলীতে, যেখানে আপনি পৌঁছাতে চেয়েছিলেন; অন্য কোনো শৈলীর চেয়ে ভালো বা মন্দ—এমন নয়। আপনার এই প্রয়াস পাঠককে অনায়াসে এক অন্য জগতে উড়িয়ে নিয়ে যায়, যা কবিতা ও সাহিত্যের ক্ষেত্রে এক পরম অর্জন। আপনি যে চাকা, ডানা এবং লক্ষ্যভেদী তীর অত্যন্ত ধৈর্যের সাথে নির্মাণ করেছেন, তা আমাদের দৃষ্টি ও শ্রুতির স্বচ্ছতার মধ্য দিয়ে কোনো বাধা ছাড়াই অনায়াসে প্রবাহিত হয়।
আজ সেই হোর্হে লুইস বোর্হেসকে এসব কথা বলতে পেরে আমি যে কত আনন্দিত! সেই মানুষটিকে, যাঁর সঙ্গে একদিন মাদ্রিদের একটি বোর্ডিং হাউসে দেখা করতে গিয়েছিলাম; যিনি তখন তাঁর বোন নোরাকে নিয়ে ফুলদানি, রেলিং, উঠোন ও লোহার বেড়ার শহর—তাঁর প্রিয় বুয়েনোস আইরেসে ফিরে গিয়েছিলেন। সেই তরুণ আমাকে তাঁর কবিতার একটি বই উপহার দিয়েছিলেন (যেটি আজ চুরি হয়ে গেছে, ঈশ্বর করুন সেটি যেন কোনো সত্যিকারের কাব্যপ্রেমীই চুরি করে থাকে!)। সেই বইটির পাতায় পাতায় ছড়িয়ে ছিল এক সুদূর লক্ষ্যের প্রতি অফুরন্ত আনন্দ, যেখানে সেদিনের আমি—আমার নিজস্ব অবস্থান থেকে—প্রতিটি দিন পৌঁছানোর স্বপ্ন দেখতাম!
আমার কাছে ভাবতেই খুব ভালো লাগছে যে এই সব সত্যিই ঘটেছে, হোর্হে লুইস বোর্হেস—এ এক অপরিবর্তনীয় সত্য, আর আজ আমি তা আপনাকে লিখেও জানাতে পারছি।
আপনার ‘আলেফ’-এর জন্য আপনাকে ধন্যবাদ; ইস্পানো-আমেরিকান সাহিত্যের এক অমূল্য রত্ন।
আপনার মা এবং আপনার পরিবারের সকলের প্রতি আমার আন্তরিক স্নেহ ও শুভেচ্ছা রইল।
আমি আপনার চিরকালের বন্ধু হয়ে রইলাম।
জে. আর.
১২ নভেম্বর, ১৯৪৯
৪৩১০ কুইন্সবেরি রোড
রিভারডেল, মেরিল্যান্ড