Published : 14 Jun 2026, 09:10 PM
ঢাকার হয়জরত শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাস্তবায়ন কাজের অগ্রগতি নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয় বলে তার উপ প্রেস সচিব হাসান শিপলু জানিয়েছেন।
তিনি বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বিআরটি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
“সভায় বিশেষজ্ঞরা প্রকল্পটির বিভিন্ন দিক নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন। বিশেষ করে বিআরটির নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে তারা নিজেদের পর্যবেক্ষণ উপস্থাপন করেন।”
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত নির্দিষ্ট লেনে দ্রুত, নিরাপদ ও পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা চালু করতে ২০১২ সালের ডিসেম্বরে প্রকল্পটি হাতে নেয় তখনকার আওয়ামী লীগ সরকার।
চার বছর মেয়াদি বিআরটি প্রকল্পটি ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০ দশমিক ৫ কিলোমিটার সড়কের এই প্রকল্পের সময়সীমা এখন পর্যন্ত পাঁচ দফা বাড়ানো হয়েছে।
সভায় অন্যদের মধ্যে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসান উপস্থিত ছিলেন।