গাজীপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালের মামলায় বিএনপি ও সহযোগী সংগঠনের তিন নেতা রোববার কাশিমপুর কারাগার থেকে জামিনে ছাড়া পেয়েছেন।
এরা হলেন সেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর (উত্তর) আহব্বায়ক মো. ইয়াছিন আলী, যুবদলের ঢাকা মহানগর (দক্ষিণ) সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মজনু এবং মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা বিএনপি সভাপতি মো. ইউনুছ মৃধা।
কারা তত্ত্বাবধায়ক আব্দুর রাজ্জাক তাদের মুক্তির সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে তাদের জামিনের কাগজপত্র কারগারে পৌঁছে। যাচাই-বাছাই শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুক্তি দেওয়া হয়।
এর আগে বুধবার এ কারাগার থেকে মুক্তি পান স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর শরফত আলী সপু, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, যুবদল সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরব ও ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ‘গুমের’ প্রতিবাদে গত ২৯ এপ্রিল হরতাল চলাকালে সচিবালয়ে দুটি হাতবোমার বিস্ফোরণ এবং তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানো হয়। ওই রাতেই পুলিশ শাহবাগ থানায় বোমা বিস্পোরণের এবং তেজগাঁও থানায় গাড়ি পোড়ানোর মামলা দায়ের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০৯ ঘ.
bdnews24