২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কথা না বলে সেতুর কাজ শুরু করুন’

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর বক্তব্য টেনে তা দ্রুত শুরু করার তাগিদ দিয়ে এ কথা বলেছেন বিএনপি নেতা এম কে আনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 03:01 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণে প্রধানমন্ত্রীর বক্তব্য টেনে বিএনপি নেতা এম কে আনোয়ার বলেছেন, এক্ষেত্রে তাদের আপত্তি নেই। তবে বিদেশ থেকে চড়া সুদে বাণিজ্যিক ঋণ আনার চুক্তি করা হলে ক্ষমতায় গিয়ে তা বাতিল করা হবে বলেও হুঁশিয়ার করেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। রোববার বিকালে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এম কে আনোয়ার বলেন, “নিজেদের সম্পদে পদ্মাসেতু করতে পারলে ভালো। তাহলে আর কথা না বলে কাজ শুরু করুন।” ২৯০ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি ডলার দেওয়ার চুক্তি করা বিশ্ব ব্যাংক অর্থায়ন বাতিলের বিষয়ে বলেছে, এই প্রকল্পে দুর্নীতি হয়েছে বলে বিশ্বাসযোগ্য প্রমাণ পেয়েছে তারা। পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের সঙ্গে জটিলতার মধ্যেই মালয়শিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল সরকার। তারা অর্থায়নের প্রস্তাবও দিয়েছে। তবে বিকল্প অর্থায়নের নামে পদ্মাসেতুর নামে আবার দুর্নীতি করতে চাচ্ছে বলে অভিযোগ করেন এম কে আনোয়ার। বিএনপির এই নেতা বলেন, “বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের পর সরকার বিদেশ থেকে চড়া সুদে বাণিজ্যিক ঋণ এনে নতুন করে দুর্নীতি করতে চাচ্ছে। এ রকম চুক্তি হলে আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জনস্বার্থে তা বাতিল করা হবে।” পাশাপাশি প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশেরও দাবি জানানা এম কে আনোয়ার। তিনি বলেন, “বিশ্বব্যাংক চিঠি দিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানোর পরও আপনি কোনো ব্যবস্থা নেননি। নাগরিকদের কাছে টেলিফোন নম্বর না দিয়ে, আপনি ও আপনার বোনসহ পরিবারের সদস্যদের সম্পত্তির হিসাব জনসমক্ষে প্রকাশ করুন।” তার মতে, বিশ্বব্যাংকের সঙ্গে সৃষ্ট সংকট সমাধানে সরকারকে অবিলম্বে আলোচনায় বসা উচিত। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সদ্য কারামুক্ত বিএনপি স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন ও সাবেক সাংসদ দেওয়ান মো. সালাহউদ্দিন বাবুকে সংবর্ধনা জানাতে এই অনুষ্ঠানের আয়োজন করে দেশনেত্রী পরিষদ। এতে সংগঠনের সভাপতি টি এইচ খান খসরু‘র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, যুব দল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা সাংসদ শাম্মী আখতার, সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রাজিয়া আলীম প্র্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/২০৫৫ ঘ.