২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনীতিতে থাকছি না: তানজিম

সংসদ সদস্যপদ ছাড়ার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরদিন এ কথা বললেন আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ। জানাচ্ছেন সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 06:19 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যপদ ছাড়ার আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর আওয়ামী লীগ নেতা তানজিম আহমেদ সোহেল তাজ জানিয়েছেন, রাজনীতিতে থাকার আগ্রহও তার আর নেই। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে তানজিম রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি আর রাজনীতিতে নেই। রাজনীতিতে থাকছি না।” সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শনিবার সন্ধ্যায় ‘সশরীরে’ উপস্থিত হয়ে সাংসদ পদ থেকে পদত্যাগপত্র জমা দিলে স্পিকার আব্দুল হামিদ তা গ্রহণ করেন। এর আগে গত ২৩ এপ্রিল তানজিম ব্যক্তিগত সহকারীর মাধ্যমে পদত্যাগপত্র দিলেও তখন তা গ্রহণ করেননি স্পিকার। সে সময় বলা হয়েছিল- সশরীরে পদত্যাগপত্র জমা দিলে গ্রহণ করা হবে। স্পিকারের সঙ্গে দেখা করার পর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করেন তানজিম। কী কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, “আমি কাল পদত্যাগ করে এসেছি। স্পিকার সাহেব তা গ্রহণ করেছেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করেছি। তার সাথে একান্তে অনেকক্ষণ কথা হয়েছে। অনেক বিষয়ে কথা হয়েছে। সৌহাদ্যপূর্ণ পরিবেশেই কথা হয়েছে।” আগামী নির্বাচনে অংশ নেবেন কি না- এমন প্রশ্নের জবাবে গাজীপুরের কাপাসিয়ার এই আওয়ামী লীগ তো বলেন, “আশা করি, কাপাশিয়ার মানুষ একজন ভালো, যোগ্য মানুষকে নির্বাচিত করবেন।” এই অভিমানের কারণ জানতে চাইলে তানজিম বলেন, “কথান পিছনে কথা থাকে। আমি এর আগেও একবার লিখিত স্টেটমেন্ট দিয়েছি। সেখানে অনেক কিছু সরাসরি না বললেও অনেক কিছুই বোঝা যায়। আর আপনারা তো অনেক খবর রাখেন।” ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনার মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তানজিম। কিন্তু এর পাঁচ মাসের মাথায় ২০০৯ সালের ৩১ মে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তবে সে সময় রাষ্ট্রপতি তা ‘গ্রহণ করেননি’ বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। তার পদত্যাগের পর গণমাধ্যমে খবর আসে, প্রধানমন্ত্রীর এক আত্মীয়র ‘দুর্বব্যহারের কারণে’ অভিমানে মন্ত্রিত্ব ছেড়েছেন তানজিম। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি আর ওদিকে যেতে চাচ্ছি না।” গত ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে বসে সংসদ সদস্যপদ ছাড়ার জন্য পদত্যাগপত্র পাঠানোর পাশাপাশি নিজের নির্বাচনী এলাকার কর্মী-সমর্থকদের উদ্দেশে একটি খোলা চিঠি লেখেন তানজিম। এতে তিনি বলেন, “কাপাশিয়ার মানুষের সম্মান রক্ষার্থে আমার সামনে এছাড়া আর কোনো পথ খোলা ছিল না। কারণ কাপাসিয়ার মানুষের মর্যাদা ও সম্মান আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে আমি বিশ্বাস করি। আমি জানি, আমার এই সিদ্ধান্তে আপনারা ক্ষুব্ধ ও অভিমানী হবেন, প্রতিবাদ করবেন। কারণ যে ভালাবাসা ও সম্মান আপনারা আমাকে দিয়েছেন এই সম্মানের ওপর কোনো কালিমা পড়–ক তা আমি চাই না। সঙ্গত কারণেই সবকিছু খুলে বলতে পারছি না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১২০৫ ঘ.