২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গোলাম আযমদের বিচার শেষ এ বছরই’

মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমসহ অন্যদের বিচার কাজ চলতি বছরই শেষ হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2012, 10:17 AM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের ঘটনায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমসহ অন্যদের বিচার কাজ চলতি বছরই শেষ হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শনিবার সুপ্রিম কোর্টে বাংলাদেশ সরকারি আইন কর্মকর্তা অ্যাসোসিয়েশনের এক মতবিনিময় সভায় তিনি বলেন, “দেশি বিদেশি অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। ষড়যন্ত্রের নেটওয়ার্ক আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছেছে।” “যে যাই বলুক, এ বছরের মধ্যে গোলাম আযমসহ কারাগারে আটক মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার শেষ হবে। ষড়যন্ত্র যতই হোক, কোন ষড়যন্ত্র কাজে আসবে না।” হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “একাত্তরের মতো এবারও আমরা ষড়যন্ত্রের নদী সাঁতরেই পাড়ি দিবো। আমরা ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদেরকে রুখতে পারবে না।” ঢাকা জেলার জিপি অ্যাডভোকেট ফকির দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, আইন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া। একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এতে বিচার চলছে গোলাম আযম, সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতে ইসলামীর মতিউর রহমান নিজামী, আলী আহসান মো. মুজাহিদ, দেলাওয়ার হোসেন সাঈদী, আব্দুল কাদের মোল্লা, মো. কামারুজ্জামান এবং আব্দুল আলীমের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৬১০ ঘ.