ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে দমন-পীড়নের অভিযোগ তুলে এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নির্বাচনী এলাকায় বিরোধী দলের নেতা-কর্মীদের হয়রানির ঘটনাকে নজির হিসেবে তুলে ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতীক অনশন কর্মসূচিতে তিনি বলেছেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর মন এতই ক্ষুদ্র যে তিনি প্রতিপক্ষ সহ্য করতে পারেন না। তাই নির্যাতন ও গ্রেপ্তার নীতি অনুসরণ করছেন। তার এলাকায় বিরোধী দলের নেতা-কর্মীরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন প্রতিনিয়ত।”
সাহারা খাতুনের নির্বাচনী প্রতিপক্ষ আজিজুল বারী হেলালের মুক্তির দাবিতে উত্তরা থানা বিএনপি আয়োজিত কর্মসূচিতে ওই কথা বলেন ফখরুল।
অনশনে হেলালের স্ত্রী বুশরা হেলাল এবং তাদের একমাত্র শিশুকন্যাও অংশ নেয়। পরে হেলালের শিশুকন্যাকে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করার ফখরুল।
সরকারের মানবাধিকার ‘লঙ্ঘন’ বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে মন্তব্য করে বিএনপি মুখপাত্র বলেন, “আন্তর্জাতিক হিউম্যান রাইট ওয়াচ ছাড়াও যুক্তরাষ্ট্রের প্রতিবেদনেও বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহতা ফুটে উঠেছে। সরকারের এসব অপকর্মে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি বিনষ্ট হচ্ছে।”
নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে ফখরুল বলেন, “নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলন তীব্র থেকে তীব্রতর করা হবে। কঠোর কর্মসূচির মাধ্যমে দাবি মানতে তাদের বাধ্য করা হবে।”
“তাই আর প্রতীক অনশন নয়, আন্দোলনের কর্মসূচির জন্য নিজেরা প্রস্তুতি নিন,” দলীয় কর্মীদের উদ্দেশে বলেন তিনি।
উত্তরা থানা বিএনপির প্রতীক অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিবুর রহমান হাবিব, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু, সংসদ সদস্য নিলোফার ইয়াসমীন মনি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৪৭ ঘ.
bdnews24