২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটপাত থেকে রাজনৈতিক কার্যালয় সরাতে হবে

কার্যালয় না সরালে সিটি কর্পোরেশন ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করবে বলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 12:31 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ফুটপাত অবৈধভাবে দখল করে নির্মিত রাজনৈতিক কার্যালয়গুলো দ্রুত সরিয়ে নিতে বলেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তা না হলে সিটি কর্পোরেশন ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যৌথভাবে এই সব কার্যালয় অপসারণের মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করবে বলে সোমবার মন্ত্রণালয়ে এক সভায় সিদ্ধান্ত হয়েছে। মহাখালীতে ফুটপাত দখল করে নির্মিত সরকার সমর্থক যুবলীগের কার্যালয়ে গুলিতে তিন জন আহত হওয়ার একদিন পরই সরকারের এই সিদ্ধান্ত এল। ঢাকার বিভিন্ন স্থানে ফুটপাত-সড়ক দখল করে রাজনৈতিক সংগঠন বিশেষ যখন যে সরকারে থাকে তার সমর্থিত সংগঠনগুলোর কার্যালয় দেখা যায়। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক রাজধানীর সৌন্দর্য অক্ষুন্ন এবং যানজটমুক্ত করতে সরকারের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন। প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ওই বৈঠকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে যত্রতত্র লাগানো ব্যানার, তোরণ ও ফেস্টুনসহ ফুটপাতের বিভিন্ন অবৈধ দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়েছে। নানক বলেন, “বিভিন্ন সড়ক ও অলিগলিতে ব্যানার, ফেস্টুন লাগানো এবং তোরণ নির্মাণ করায় সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক সিগনাল বোঝা যায় না। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের জননিরাপত্তা বিঘœকারী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।” নির্মাণাধীন ফ্লাইওভার দুটির কারণে যাত্রাবাড়ী ও বিমানবন্দর সড়কে সাময়িক জনদুর্ভোগের কথা স্বীকার করে তিনি বলেন, সরকার নির্দিষ্ট সময়সীমার আগেই প্রকল্পে কাজ শেষ করতে চেষ্টা চালাচ্ছে। মতিঝিল এলাকা যানজটমুক্ত করতে কারপার্কিংসহ সিটি সেন্টার নির্মাণকাজ পুরোদমে চালু করতে সিটি কর্পোরেশনকে নির্দেশ দেন প্রতিমন্ত্রী। সভায় স্থানীয় সরকার সচিব আবু আলম মো. শহিদ খান ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮২৮ ঘ.