বরিশাল, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের বাবুগঞ্জের উপজেলা নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে যোগাযোগ মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর।
ক্ষমতাসীন মহাজোট শরিক জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য টিপুর অভিযোগ, একটি সড়ক মেরামত কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়ার কথা বললেও ঠিকাদারের পক্ষ নিয়ে তা অগ্রাহ্য করেন প্রকৌশলী শামস শাহ মোহাম্মদ মোকাদ্দেস।
তবে সংসদ সদস্যের এই অভিযোগ অস্বীকার করেছেন মোকাদ্দেস।
বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ-মুলাদী রুটে সড়ক ও জনপথ বিভাগের সড়কের কাজ করছে পেঙ্গুইন কনস্ট্রাকশান নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
টিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১২ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে কিছু মাটি খুঁড়ে দীর্ঘ তিন বছর ধরে কোনো কাজ করা হচ্ছে না। ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ না করে টাকা আত্মসাতের পাঁয়তারা করছে।”
সংসদ সদস্য বলেন, “গত ২৬ মে দুপুর ২টায় মোবাইল ফোনে নির্বাহী প্রকৌশলীকে বললে তিনি বলেন, ওই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রভাবশালী ব্যক্তির। কিছু বলা যাবে না।”
নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে এই অভিযোগের অনুলিপি যোগাযোগমন্ত্রী এবং দুর্নীতি দমন কমিশনের বরিশালের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালকের কাছেও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
টিপু বলেন, সড়কের কাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। যানবাহন চালকরাও ধর্মঘট ডাকার পরিকল্পনা করছে। তাই তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেছিলেন।
এই অভিযোগ সম্পর্কে নির্বাহী প্রকৌশলী মোকাদ্দেসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি এমপি সাহেবকে এই রকম কোনো কথাই বলিনি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৪০ ঘ.
bdnews24