ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণআন্দোলনের ক্ষমতাচ্যুত সামরিক শাসক এইচ এম এরশাদ তাকে স্বৈরাচার না বলতে সংসদ সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সংসদে মঙ্গলবার বাজেটের ওপর আলোচনায় অংশ নিতে দাঁড়িয়ে তিনি বলেন, “ভাইয়েরা, আমাকে স্বৈরাচার বলবেন না। আমি দুঃখ পাই, ব্যথা পাই। আমি প্রতিটি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছি। তারপরও যদি আমাকে স্বৈরাচার বলেন, আমার কেমন লাগে?”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোটের এই নেতার বক্তব্য শোনার পর অধিবেশন কক্ষে উপস্থিত অধিকাংশ সংসদ সদস্যরা সমস্বরে বলে ওঠেন, “আর বলব না।”
জিয়াউর রহমানের পর দেশের দ্বিতীয় সামরিক আইন প্রশাসক এরশাদ বলেন, “আমি সামরিক প্রশাসক ছিলাম। শেষ করেছি গণতান্ত্রিক ধারায়।
“আমি দুই বার জেল থেকে পাঁচ-পাঁচটি আসনে জয়ী হয়েছি, মানুষের ভালবাসা না পেলে এখানে আসতে পারতাম না, স্বৈরাচার হলে কি তা পারতাম,” বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, “এই সংসদ আমাদের কপাল থেকে কলঙ্কের তিলক মুছে দিয়েছে। এজন্য, সকলকে অভিনন্দন জানাই।”
সাবেক সেনাপ্রধান এরশাদ বলেন, “আমিও সৈনিক ছিলাম। দয়া করে সব সৈনিককে এক কাতারে দাঁড় করাবেন না। সৈনিকদের অবদানের কথা ভুলবেন না।
“আমি পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করেছি। সেনাবাহিনী না থাকলে পার্বত্য চট্টগ্রাম বিচ্ছিন্ন হয়ে যেত। কত সৈনিকের রক্ত গেছে, তা জানতে চাননি।”
আওয়ামী লীগ-বিএনপির নেতৃত্বে ৯০-এ গণআন্দোলনে ক্ষমতাচ্যুত এরশাদ কারাজীবনের কথা তুলে ধরে বলেন, “আমিসহ আমার স্ত্রী, ছেলে, মেয়েকে জেলে থাকতে হয়েছে। আমার ছেলের দু’বছর নষ্ট হয়ে গেছে। বয়স বেড়ে গেছে বলে কোনো স্কুল নেয়নি।
“দুই বছর নির্জন কারাবাস করেছি। অসুস্থ হওয়ার পরও আমাকে পিজি হাসপাতালে নেওয়া হয়নি। রোজার সময় নামাজ পড়তে পারিনি। জেলখানা থেকে আদালতে যেতে কাপড় খুলে চেক করা হত।”
“রাষ্ট্রপতি ও সেনাবাহিনী প্রধান ছিলাম। অথচ বাজেট ছিল না বলে কারাগারে ছয় বছর মিষ্টি খেতে পারিনি,” বাজেট আলোচনায় দাঁড়িয়ে বলেন এই সামরিক শাসক।
ক্ষমতাসীন জোটের এই নেতা বিদ্যুৎ ও পুঁজিবাজারকে সরকারের জন্য নেতিবাচক হিসাবে উল্লেখ করে এই দুই ক্ষেত্রে উন্নতি করতে সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “বিদ্যুৎ ও শেয়ারবাজার আমাদের মাইনাস পয়েন্ট। এটার উন্নয়ন করলে- আমরা আগামী নির্বাচনে ফল পাব। পুঁজি বাজারে আমরা এক কোটি ভোট হারিয়েছি। এই ভোট পেতে হলে পুঁজিবাজারকে চাঙ্গা করতে হবে।”
স্টক এক্সচেঞ্জগুলোর পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পাশাপাশি পুঁজিবাজার নিয়ে কোনো কথা না বলতে অর্থমন্ত্রীকে পরামর্শ দেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
রোহিঙ্গা সমস্যা নিয়ে সরকারের অবস্থানকে সমর্থন করে সাবেক রাষ্ট্রপতি মিয়ানমারের ওপর চাপ সৃষ্টি করতে
জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
তৈরী পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেও জোর দেন তিনি।
কালো টাকা নিয়ে সরকারের সিদ্ধান্তের পক্ষে অবস্থান জানিয়ে এরশাদ বলেন, “কালো টাকা সাদা করা অবশ্যই অনৈতিক। কিন্তু, কী করার আছে। কলো টাকা বিনিয়োগ করতে না দিলে বাইরে চলে যাবে।”
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘কল্পনাবিলাসী’ আখ্যায়িত করে তিনি বলেন, “বাজেট বাস্তবায়ন করতে পারলে আমি অর্থমন্ত্রীকে সাধুবাদ জানাব।”
“সামনের দিন উত্তাল তরঙ্গ-আন্দোলন হবে, হরতাল হবে, রপ্তানি ব্যাহত হবে। যেমন করেই হোক আমাদের এই বাজেট বাস্তবায়ন করতে হবে,” বলেন এরশাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৯০৪ ঘ.
bdnews24