২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শুধু হ্যাঁ-না বলেই আইন পাস!’

চার মাস আগে পাস হওয়া একটি আইনে ভুল থাকায় এভাবেই বিষ্ময় প্রকাশ করেছেন একজন আইনপ্রণেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2012, 07:58 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার মাস আগে পাস হওয়া একটি আইনে ভুল থাকায় মন্ত্রণালয়, মন্ত্রীপরিষদ বিভাগ, সংসদীয় কমিটি এবং সাংসদদের সমালোচনা করেছেন স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম। তিনি প্রশ্ন রেখেছেন, তাহলে সাংসদরা কি শুধুই হ্যাঁ-না বলে আইন পাস করে দেন? ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আইন ২০১২ এ ভুল থাকায় তা সংশোধন করতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার জাতীয় সংসদে বিল তোলেন। প্রস্তাবটি বাছাই কমিটিতে পাঠানো, জনমত যাচাই ও সংশোধনীর প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর বিলটি কণ্ঠভোটে পাস হয়। গত বছর ১২ জুন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বিল জাতীয় সংসদে উত্থাপনের পর চলতি বছর ৮ ফেব্রুয়ারি তা সংসদে পাস হয়। কিন্তু বিল থেকে ‘ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড বিলোপ’ এবং ‘যানবাহন সমন্বয় বোর্ড আইন, ২০০১ (২০০১ সালের ১৯ নং আইন) রহিতকরণ ও হেফাজত’ সম্পর্কিত দুটি দফা ‘ভুলক্রমে’ বাদ পড়ে যায়। ওই দুটি দফা অন্তর্ভুক্ত করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (সংশোধন) বিল মঙ্গলবার নতুন করে সংসদে উত্থাপন করা হয়। যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বিলটি পাসের জন্য তোলার আগে এর ওপর নোটিশদাতা স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম বলেন, “মন্ত্রীকে দোষ দেব না। তিনি হয়তো ব্যস্ততার জন্য বিলের ত্রুটি দেখতে পারেননি। কিন্তু একটি বিল সংসদে উত্থাপনের আগে মন্ত্রণালয়, মন্ত্রীপরিষদ বিভাগ এবং সংসদীয় কমিটিতে যাচাই-বাছাই হয়। ভুল হলো কীভাবে!” “তার মানে কি করণিকরা আইন করে দেন আর আমরা সাংসদেরা তা হ্যাঁ-না বলে পাস দেই”, প্রশ্ন রাখেন এই সাংসদ। জবাবে ওবায়দুল কাদের বলেন, বিজিপ্রেসের ভুলের কারণেই ‘ত্রুটিপূর্ণভাবে’ বিলটি সংসদে উত্থাপিত হয়েছিল। এরপর আজিম বলেন, “ছাপার ভুলের কারণে বানান ভুল হতে পারে, কিন্তু পুরো একটি প্যারা বাদ পড়ে যেতে পারে না। উদোর পি-ি বুদোর ঘাড়ে চাপানো হচ্ছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এসইউএম/জেকে/১৩৫০ ঘ.