২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চৌধুরী আলমের জিডিও গুম’

চৌধুরী আলম নিখোঁজ হওয়ার পর থানায় যে সাধারণ ডায়েরি করা হয়েছিল, তাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2012, 07:27 AM

Updated : 24 Aug 2022, 11:37 AM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চৌধুরী আলম নিখোঁজ হওয়ার পর থানায় যে সাধারণ ডায়েরি করা হয়েছিল, তাও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া। তিনি সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে বলেছেন, “দুই বছর পেরিয়ে গেছে, চৌধুরী আলমের সন্ধান সরকার দিতে পারেনি। তাকে সরকারের লোকজনই তুলে নিয়ে গিয়েছিল। সেই সময়ে গুলশান থানায় একটি জিডি করা হয়েছিল, সেই জিডি এখন থানায় খুঁজে পাওয়া যাচ্ছে না।” ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর চৌধুরী আলমের সন্ধান দাবিতে এই কর্মসূচি পালিত হয়। ২০১০ সালের ২৫ জুন রাজধানীর ইন্দিরা রোডের কাছ থেকে চৌধুরী আলমকে তার গাড়ি থেকে বের করে মাইক্রোবাসে করে তুলে নেওয়া হয়। বিএনপির অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী তাদের এই নেতাকে গুম করেছে। ‘চৌধুরী আলম মুক্তি ও উদ্ধার সংগ্রাম পরিষদের’ মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল একই অভিযোগ করেন। তিনি বলেন, “চৌধুরী আলম বিরোধী মতের সমর্থক বলেই তাকে গুম করা হয়েছে বলে আমরা মনে করি।” রফিকুল বলেন, ২০১০ সালের জুলাই মাসে হাই কোর্টের একটি রিট আবেদন করা হলে আদালত পুলিশ ও সরকারকে দ্রুত চৌধুরী আলমকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছিলেন। কিন্ত আজো আদালতের সেই নির্দেশ কার্যকর হয়নি। “চৌধুরী আলমের সন্ধান সরকার দিতে পারেনি। এভাবে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকেও তার গাড়ি চালকসহ গুম করেছে সরকারের লোকজন,” বলেন রফিক। বিএনপির ঢাকা মহানগর নেতা নিখোঁজ হওয়ার এক বছর নয় মাসের মাথায় গত এপ্রিলে নিখোঁজ হন সাংগঠনিক সম্পাদক ইলিয়াস। তার সন্ধানও এখনো মেলেনি। রফিকুল বলেন, “মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিবেদনে বলা হয়েছে, গত সাড়ে তিন বছরে ১৩৩ জন বিরোধী নেতা-কর্মী গুম হয়েছে। এভাবে গুম কিংবা মানুষকে গায়েব করে দেওয়া গণতন্ত্র ও মানবাধিকারের পরিপন্থি। সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি সঙ্কটজনক পর্যায়ে।” মানববন্ধন কর্মসূচিতে চৌধুরী আলমের পরিবারের সদস্যরাসহ শাহবাগ থানা বিএনপির নেতা এম এ হান্নান, মহানগর যুগ্ম আহবায়ক মোহাম্মদ মোহন প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩২০ ঘ.