ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ৬৩ বছরের ধারাবাহিকতায় আওয়ামী লীগ বাংলাদেশে নতুন ইতিহাস সৃষ্টি করবে।
দলের ৬৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় আশরাফ এ প্রত্যয় ব্যক্ত করেন।
আওয়ামী লীগের ৬৩ বছরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মালেক উকিল ৩১ বছর আওয়ামী লীগের সভাপতি ছিলেন। আর শেখ হাসিনা গত ৩২ বছর ধরে দলটির সভানেত্রী।
এ প্রসঙ্গে দলের সাধারণ সম্পাদক আরো বলেন, “এই ৩২ বছরে শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ফিরিয়ে এনেছেন, যুদ্ধাপরাধীদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, সেনা শাসনের অবসান ঘটিয়েছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন।
“আশাকরি, উনি আরো ৩২ বছর আওয়ামী লীগের সভানেত্রী থাকুন। তাহলেই আমাদের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে। না হলে উপায় নেই।”
আশরাফ উল্লেখ করেন যে, অনেকেই বাংলাদেশের নাম শুনলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়তেন। ভাবতেন বাংলাদেশ আরেক পাকিস্তান হবে।
“আফগানিস্তানের মতো [আজ ]বাংলাদেশেও মার্কিন সৈন্য থাকতো, যদি না শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতেন। শেখ হাসিনা জঙ্গীবাদ ও মৌলবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন”, যোগ করেন এই আওয়ামী লীগ নেতা।
তিনি আরো বলেন, আমরা স্বাধীন। তাই যা ইচ্ছা তাই বলতে পারি। দলের মধ্যেও যা ইচ্ছা তাই পারি। আমাদের দলের মন্ত্রী, এমপি, নেতা, বিরোধীদলীয় নেতা সবাই বলছেন। যার বলার নয়- সেও বলছেন। যার বলার সেও বলছেন।
ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, “স্বাধীনতার নামে পুলিশ ও সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়া হচ্ছে, খ--বিখ- লাশের ছবি ছাপা হচ্ছে।”
বর্তমান বিরোধী দলীয় নেতা [খালেদা জিয়া] প্রধানমন্ত্রী থাকতেই ‘ক্রসফায়ার’ শুরু হয় উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী দাবি করেন, তিনিই [খালেদা জিয়া] ‘অপারেশন ক্লিনহার্টের’ নামে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করেন। প্রতিটি আন্দোলনেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের ত্যাগ রয়েছে।
দলের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেন, বিনা শর্তে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে।
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।
“যারা আমাদের রাজনীতি থেকে মাইনাস করতে চেয়েছিলো- তারাই এখন মাইনাস হয়ে গেছে”, যোগ করেন তিনি।
জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বিরোধী দলীয় নেতার উদ্দেশে বলেন, “হয় খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের ত্যাগ করবেন, না হয় রাজনীতি ত্যাগ করবেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এইচএ/২১০৬ ঘ.
bdnews24