২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের ভাংচুরের পর নোয়াখালীতে ওসি প্রত্যাহার

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পদত্যাগে ক্ষুব্ধ দলীয় কর্মীদের ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে সুধারাম থানার ওসিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2012, 01:51 PM

Updated : 24 Aug 2022, 11:35 AM

নোয়াখালী, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পদত্যাগে ক্ষুব্ধ দলীয় কর্মীদের ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। প্রত্যাহার করা হয়েছে সুধারাম থানার ওসিকে। বৃহস্পতিবারের ভাংচুরের ওই ঘটনায় শুক্রবার সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) ইয়াসিন ফারুক বাদি হয়ে একটি মামলা করেন। এতে পাঁচশ থেকে ছয়শ জনকে আসামি করা হয়েছে, যাদের সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মী। জেলার পুলিশ সুপার হারুন উর রশীদ হাযারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের মধ্যদিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে এই মামলা হয়েছে। এতে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম উল্লেখ করা আসামিরা হলেন- রেহান, রউফ, সেলিম, জহির, অপু, ইউসুফ, করিম, কাউসার, সুমন ও রাসেল। এদিকে কর্তব্যে অবহেলার জন্য ওসি মোশাররফ হোসেন তরফদারকে প্রত্যাহার করা হয়েছে। জেলার পুলিশ সুপার হারুন উর রশীদ হাযারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ সদর দপ্তরের নির্দেশে ওসিকে বিকালে প্রত্যাহার করে নোয়াখালী পুলিশ লাইনে আনা হয়েছে। চর জব্বর থানার ওসি আবুল কালাম চৌধুরীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সুধারাম থানার ওসির কাজ সামলাতে বলা হয়েছে। একরামুল করিমের পদত্যাগের খবর বৃহস্পতিবার প্রকাশ হলে তার সমর্থকরা দুপুরের পর জেলা সদরের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে যোগাযোগমন্ত্রী ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ আসনের সংসদ সদস্য ওবায়দুল কাদেরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা গাড়ি ভাংচুর শুরু করে, বিকাল পর্যন্ত চলে তাদের তাণ্ডব। জেলা শহরের প্রধান সড়কের পাশে অবস্থিত দলীয় কার্যালয়েও ভাংচুর চালায় তারা। কার্যালয় থেকে চেয়ার টেবিল বের করে সড়কের ওপর রেখে তাতে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এক পর্যায়ে বিকাল ৫টার দিকে সংসদ সদস্য একরামুল মটর সাইকেল নিয়ে দলীয় কার্যায়ের সামনে এসে বিক্ষুব্ধ নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, “জেলা কমিটির জরুরি বর্ধিত সভায় সব নেতা একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত কেন্দ্রকে জানিয়ে ১৫ দিন সময় দেওয়া হবে। এর মধ্যে সঙ্কটের সমাধান না পেলে আগামী সংসদ নির্বাচন বর্জন করা হবে।” কোম্পানীগঞ্জ নির্বাচনী আসনের বাসিন্দা একরামুল করিম এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন সদর আসন থেকে। একরামুলের সঙ্গে ওবায়দুল কাদেরের দ্বন্দ্ব আগে থেকেই ছিল। ২০০১ সালের নির্বাচনে দলের মনোনয়ন না পেয়েও ওবায়দুল কাদেরের আসনে নির্বাচন করেন তিনি। ওই নির্বাচনে জয়ী হয় বিএনপির মওদুদ আহমদ। এদিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন টুকন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একরামুল করিম চৌধুরীর সঙ্গে ঢাকার ধানমণ্ডি থানার ওসির অশোভন আচরণের বিচার এবং তার সম্পর্কে গোয়েন্দা সংস্থার দেওয়া ‘উদ্দেশ্যমূলক’ প্রতিবেদন প্রত্যাহার করা না হলে জেলা, উপজেলা, পৌরসভাসহ সব ইউনিটের নেতারা পদত্যাগ করবেন বলে সিদ্ধান্ত হয়েছে। একরামুল করিমের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে দাবি করে এতে ওবায়দুল কাদেরের ‘রহস্যময় নিরবতার’ও নিন্দা জানিয়েছে আওয়ামী লীগের জেলা কমিটি। গত ২৩ মার্চ একরামুল করিমের মেয়ের বিয়ে উপলক্ষে ধানমণ্ডিতে আতশবাজি ফাটানোর সময় কয়েক যুবককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। তাদের ছাড়াতে থানায় গেলে একরামুলের সঙ্গে ওসি দুর্ব্যবহার করেন বলে আওয়ামী লীগ নেতাদের অভিযোগ। এছাড়া স¤প্রতি প্রধানমন্ত্রী গোয়েন্দা সংস্থার মাধ্যমে দলের সংসদ সদস্যদের জনপ্রিয়তা যাচাই করেছেন। যাতে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৬০টি মতো আসন হারাতে পারে বলে স¤প্রতি আওয়ামী লীগের সংসদীয় দলের এক সভায় জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯৩৬ ঘ.