রংপুর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগাছায় ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পীরগাছার সৈয়দপুরে পারুল ইউনিয়নে সংঘর্ষস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নিহত মফিদুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সংঘর্ষে আহত হওয়ার পর হাসপাতালে আনা হলে তিনি মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাইফুল ইসলাম।
পারুল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা তোফাজ্জল হোসেনও গুরুতর আহত অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন ওই চিকিৎসক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে পারুল ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন উপলক্ষে সৈয়দপুর ইউনিয়ন পরিষদের মিলনায়তনে কমিটি গঠনের প্রস্তুতি সভা ছিল। এ কারণে সকাল থেকেই নেতা-কর্মীরা সেখানে সমবেত হতে থাকেন।
বেলা ১১টায় আলোচনা শুরু হতেই স্থানীয় আওয়ামী লীগ নেতা মতিউল ইসলাম ডাবলু ও তোফাজ্জল হোসেন সমর্থিত গ্রুপের মধ্যে কথা কাটাকাটির জের ধরে হাতাহাতি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর পর্যন্ত এ সংঘর্ষ চলে।
এসআই সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষে মফিদুল ইসলাম ও তোফাজ্জল হোসেন গুরুতর আহত হন। তাদের রংপুর মেডিকেলে নেওয়ার পর মফিদুল বিকাল ৩টায় মারা যান।
চিকিৎসক সাইফুল ইসলাম জানান, মফিদুল ইসলাম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার মগজ বের হয়ে যায়। ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
মফিদুলের মৃত্যুর খবরে দলীয় নেতাকর্মী ও আত্মীয়-স্বজনরা হাসপাতালে কান্নায় ভেঙ্গে পড়েন।
আহতদের মধ্যে বাতেন (৩৫), আনোয়ার হোসেন (২৫), সাজু (২৭), আজাহার আলী (৩৪), সুমন (২১) ও মফিজ (৩৪) সহ অন্যান্যদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহাম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মফিদুল ইসলামের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরে শুক্রবার সকালে পীরগাছায় নিয়ে যাওয়া হবে। সেখানইে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে ।
রংপুরের পুলিশ সুপার (এসপি) সালেহ মো. তানভীর জানান, তিনি ঢাকায় একটি সভায় অংশ নিতে এসেছিলেন। হত্যাকাণ্ডের খবর পেয়ে তিনি রংপুরে আসছেন।
পীরগাছা থানার ওসি তদন্ত নজরুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। পরিস্থিতি শান্ত রয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ পর্যন্ত কাউকে গেপ্তার করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/সিএস/এইচএ/২২২৯ ঘ.
bdnews24