২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিযবুত সন্দেহে গ্রেপ্তার ৭

রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ এবং ধানমণ্ডি এলাকায় শনিবার রাতে এবং রোববার সকালে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2012, 11:02 AM

Updated : 24 Aug 2022, 11:36 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ এবং ধানমণ্ডি এলাকায় শনিবার রাতে এবং রোববার সকালে অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সদস্য সন্দেহে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সবাই বিভিন্ন সরকারি ও বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তাদের কাছ থেকে কম্পিউটার, ল্যাপটপও জব্দ করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। গ্রেপ্তার এই সাতজনকে রোববার দুপুরে র‌্যাব-২ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এই সাতজন হচ্ছেন- তারেক সাইফুল্লাহ (১৮), আশারাফুল করিম (২৫), সাফয়েত জামিল সোহাগ (২২), ফাহাদ হোসেন কাইয়ুম (২৬), শাহাদত হক মুন্না (২০), মাহমুদ হাসান রবিন (২০) ও নূর মোহাম্মদ খোকা (২৫)। এদের একজন পিলখানা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ, একজন তেজগাঁও কলেজ, একজন নটরডেম কলেজ, একজন ঢাকা কলেজ, একজন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র। অন্য দুজন ব্রিটিশ কাউন্সিলে কোর্স করছেন। র‌্যাব-২ উপ অধিনায়ক মেজর সাইফুল করিম সাংবাদিকদের জানান, মোহাম্মদপুর এলাকার মোহাম্মদীয়া হাউজিং লিমিটেড এলাকা থেকে শনিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য থেকে রোববার সকালে ধানমণ্ডি এবং জিগাতলা এলাকা থেকে বাকি চারজনকে গ্রেপ্তার হন। তাদের কাছ থেকে বিভিন্ন লিফলেট, জিহাদি বই, ল্যাপটপ এবং কম্পিউটার জব্দ করা হয়েছে বলে জানান তিনি। জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে প্রায় তিন বছর আগে হিযবুত তাহরীর সংগঠনটি নিষিদ্ধ করে সরকার। তবে প্রচারপত্র বিলি এবং পোস্টারিংয়ের মাধ্যমে তাদের তৎপরতা দেখা যায়। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমেও নিজের সক্রিয়তা জানান দিয়ে আসছে সংগঠনটি। র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান সাংবাদিকদের বলেন, হিযবুত তাহরীর বিভিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তবে তাদের দমনে র‌্যাবও সক্রিয় রয়েছে। বিভিন্ন সময়ে আটক হিযবুত সদস্যদের কাছে শুধু প্রচারপত্রসহ বিভিন্ন পুস্তিকা পাওয়া গেলেও কোনো ধরনের অস্ত্র এখনো পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। র‌্যাব কর্মকর্তা মেজর সাইফুল বলেন, “অস্ত্র এ পর্যন্ত পাওয়া না গেলেও ভবিষ্যতে যে পাওয়া যাবে না, এর নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৬৫৭ ঘ.