২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে ওআইসি মহাসচিবের বৈঠক

ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি’র মহাসচিব ড. একমেলেদ্দীন ইহসানোগলুর সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2012, 08:36 AM

Updated : 24 Aug 2022, 11:35 AM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী সম্মেলন সংস্থা ওআইসি’র মহাসচিব ড. একমেলেদ্দীন ইহসানোগলুর সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। জেদ্দায় ওআইসি’র সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে বিরোধী দলীয় নেতার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন। জেদ্দা থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় বলা হয়, মঙ্গলবার দুুপুরে এই বৈঠক হয়। বৈঠকে মুসলিম উম্মার সমস্যা ও দ্বি-পক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিরোধী দলীয় নেতার উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী, প্রেসসচিব মারুফ কামাল খান এবং ওআইসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যাক্স বার্তায় জানানো হয়, মহাসচিবের সঙ্গে বৈঠকের পর বিরোধী দলীয় নেতা জেদ্দা থেকে বিমানযোগে রিয়াদে পৌঁছান। বাদশাহ খালেদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে সৌদ রাজকীয় প্রটোকলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিএনপি প্রবাসী শাখার নেতারা অভ্যর্থনা জানান । বিমানবন্দর আনুষ্ঠানিকতার পর বিরোধী দলীয় নেতাকে মোটর শোভাযাত্রাসহ রিয়াদের রাজকীয় কনফারেন্স প্যালেসে নিয়ে যাওয়া হয়। রিয়াদ অবস্থানকালে কনফারেন্স প্যালেসে সৌদি সরকারের রাজকীয় মেহমান হিসেবে খালেদা জিয়া ও তার সফরসঙ্গীরা অবস্থান করবেন। প্রেসসচিব জানান, বুধবার রিয়াদে বাদশাহ ফয়সাল বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি হবেন। সৌদি বাদশার আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। আগামী ২১ জুন দেশে ফেরার কথা রয়েছে খালেদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৪৩২ ঘ.