২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গুলি না চালালে আমার জানাজা হতো’

গুলি ছোড়ার পক্ষে যুক্তি দেখিয়ে সরকারদলীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন সংসদে বলেছেন, সেদিন গুলি না ছুড়লে তার বাঁচার উপায় ছিল না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 04:22 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী এলাকায় প্রকাশ্যে গুলি ছোড়ার জন্য সমালোচিত সরকারদলীয় সংসদ সদস্য গিয়াসউদ্দিন সংসদে দাবি করেছেন, সেদিন আত্মরক্ষার্থে গুলি ছুড়েছিলেন তিনি। গত মে মাসের ঘটনাকে কেন্দ্র করে সোমবার সংসদ অধিবেশনে তিনি বলেন, “আমি মারা গেলে দলের নেতারা জানাজায় যেতেন, আমার সন্তানকে মাথা মুড়িয়ে সান্ত্বনা দিতেন, আমি থাকতাম গোরস্থানে, আমার স্ত্রী হতো বিধবা এবং সন্তান হতো পিতৃহারা।” সাবেক এই সেনা কর্মকর্তা দাবি করেন, সন্ত্রাসীদের হাত থেকে জীবন রক্ষায় তিনি সেদিন ফাঁকা গুলি ছোড়েন। গুলি না ছুড়লে সন্ত্ররাসীরা তাকে মেরে ফেলত। হত্যার উদ্দেশ্যে তার ওপর হামলা হয়েছিল দাবি করে গিয়াসউদ্দিন বলেন, “একটি গোষ্ঠী আমাকে হত্যা করতে চায়। সেই উদ্দেশ্যে আমার ওপর হামলা চালানো হয়।” আওয়ামী লীগের এই সংসদ সদস্যের গুলি ছোড়ার পর দলের সংসদীয় দলের সভায় সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচনী এলাকায় সব সংসদ সদস্যদের ভালো আচরণ করার পরামর্শ দেন। গুলি না ছুড়তেও বলেন তিনি। যে পিস্তল দিয়ে গুলি করেন তা লাইসেন্স করা ছিল জানিয়ে গিয়াস বলেন, “আত্মরক্ষার্থে ১৯৯৮ সালে সরকার আমাকে এই অস্ত্রের লাইসেন্স দেয়।” ঘটনার বর্ণনা দিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ের এই সংসদ সদস্য বলেন, “দাগী সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে আমাকে আক্রমণ করে। থানায় এদের বিরুদ্ধে মামলা আছে। আমি তাদের সরে যেতে বলি। একজন মুক্তিযোদ্ধা ও সবেক সেনা কর্মকর্তা হিসাবে কাপুরুষের মতো মরতে পারি না। এজন্য, আমি আমার লাইসেন্স করা অস্ত্র প্রদর্শন করি।” “অস্ত্র প্রদর্শনের পর সন্ত্রাসীরা একদিকে এবং আমার দলের লোকরা আরেক দিকে সরে যায়। এরপর আমি চলে আসতে চাইলে তারা পেছন থেকে আক্রমণ করে এবং আমার গাড়ির পেছনের উইন্ডশিল্ড ভেঙে ফেলে। এরপর আমি একটি ব্ল্যাংক ফায়ার করি।” বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছেন বলে সংসদে জানান গিয়াস। এ নিয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, একটি মহল আগে থেকেই এ ধরনের সংবাদ লেখার জন্য প্রস্তুত ছিল। এজন্য ওই স্থান থেকে তারা ছবি তোলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এমআই/২২১৫ ঘ.